আট দিন অন্ধকারে আদিবাসী গ্রাম, আশ্বাসেই আটকে বিদ্যুৎ! ক্ষোভের বিস্ফোরণে অবরুদ্ধ জাতীয় সড়ক
বালুরঘাট,৩০ মে —- ঝড় থেমেছে অনেক আগেই। কিন্তু কাটেনি দুর্ভোগ। ভাঙা বিদ্যুতের খুঁটি মেরামত না হওয়ায় টানা আট দিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে আদিবাসী গ্রাম। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের দরজায় বারবার কড়া নাড়লেও মেলেনি সমাধান, মিলেছে শুধু প্রতিশ্রুতির পাহাড়। সেই ক্ষোভই শনিবার বিস্ফোরিত হল রাস্তায়। বিদ্যুৎ ফেরানোর দাবিতে হিলি-বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন কামারপাড়ার মধ্যপাড়া গ্রামের বাসিন্দারা।
দফায় দফায় কালবৈশাখীর দাপটে কয়েকদিন আগে ভেঙে পড়ে এলাকার একটি বিদ্যুতের খুঁটি। তারপর থেকেই কার্যত বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। সন্ধ্যা নামলেই গ্রামজুড়ে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। অসহ্য গরমে নাজেহাল শিশু থেকে বৃদ্ধ সকলেই। মোবাইল চার্জ, পানীয় জল সংগ্রহ, পড়াশোনা— প্রতিটি ক্ষেত্রেই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের।
বাসিন্দাদের অভিযোগ, সমস্যার কথা বারবার জানানো হলেও কোনও উদ্যোগ নেয়নি বিদ্যুৎ দপ্তর। ক্ষোভে ফুঁসতে থাকা আদিবাসীরা এদিন জাতীয় সড়কে নেমে অবরোধে সামিল হন। যার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় যান চলাচল।
বিক্ষোভকারী লক্ষ্মী সরেন ও সুবল পাহানদের কথায়, ‘‘আট দিন ধরে অন্ধকারে দিন কাটছে। শুধু আশ্বাস শুনতে শুনতে আমরা ক্লান্ত। বিদ্যুৎ না ফিরলে আন্দোলন চলবে।’’
শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। তবে প্রশ্ন একটাই— ঝড়ের ক্ষত সারতে এত দেরি কেন? আর কতদিন অন্ধকারেই কাটবে মধ্যপাড়ার মানুষজনের জীবন?

























