সাপ মারলেই জেল! বন্যপ্রাণ রক্ষার বার্তা, চারাগাছ হাতে শপথে সামিল বালুরঘাট
বালুরঘাট, ৩০ মে —- বন্যপ্রাণ ও গৃহপালিত পশুর প্রতি মানবিক আচরণ শুধু নৈতিক দায়িত্ব নয়, আইনি বাধ্যবাধকতাও। সেই বার্তাই ছড়িয়ে দিতে শনিবার বালুরঘাটের নালন্দা বিদ্যাপীঠ হাইস্কুলে আয়োজিত হল এক বিশেষ সচেতনতা শিবির। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পরিবেশ, প্রাণিসম্পদ ও আইন সম্পর্কে সচেতনতার এক অনন্য মেলবন্ধন দেখা গেল।
শিবিরে বন্যপ্রাণ সংরক্ষণ আইন, ১৯৭২, পশুদের প্রতি নিষ্ঠুরতা নিবারণ আইন, ১৯৬০ এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরুত্বপূর্ণ ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা স্পষ্ট ভাষায় জানান, সাপ হত্যা, পাখি ধরা কিংবা বন্যপ্রাণের ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ। লোকালয়ে বন্যপ্রাণ ঢুকে পড়লে আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিস্থিতির মোকাবিলা করতে হবে, সেই বিষয়েও দেওয়া হয় প্রয়োজনীয় পরামর্শ।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী, অভিভাবক ও পশুপ্রেমীদের উদ্দেশে পরিবেশ রক্ষা, প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন অতিথিরা। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সৌমিত দাস, বিচারক সায়ন্তনী চৌধুরী, ডিএসপি বিক্রম প্রসাদ, চিকিৎসক প্রশান্ত ভগৎ, ডিভিশনাল ফায়ার অফিসার অপূর্ব দাস-সহ বিশিষ্টজনেরা।
শেষে পরিবেশ ও পশু সুরক্ষার শপথ গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি হয়। চারাগাছ হাতে নিয়ে একটাই বার্তা প্রতিধ্বনিত হয়— প্রকৃতিকে বাঁচাতে হলে বাঁচাতে হবে তার প্রতিটি প্রাণকেও।

























