বিধানপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে ক্ষতিগ্রস্ত চারটি বাড়ি

0
30

আলিপুরদুয়ার : বিধানপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে ক্ষতিগ্রস্ত চারটি বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা

আলিপুরদুয়ার শহরের বিধানপল্লি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট চারটি বাড়ি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিধানপল্লির বাসিন্দা সুতলি দাসের বাড়িতে প্রথম আগুন লাগে। এরপর বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি বাড়িতে। মুহূর্তের মধ্যে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডের সময় তাঁরা কেউই বাড়িতে ছিলেন না। পাশের একটি বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। ফলে এই ঘটনায় প্রাণহানির মতো কোনও ঘটনা ঘটেনি। তবে আগুনে চারটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস এবং বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কীভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে।