*শিবমন্দিরে পরপর দুই বাড়িতে চুরি,পুলিশের জালে অভিযুক্ত! উদ্ধার লক্ষাধিক টাকার সোনার গয়না*
শিলিগুড়ি:-
বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে পরপর দুটি বাড়িতে চুরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মাটিগাড়ার শিবমন্দির সংলগ্ন শারদাপল্লী এলাকায়।এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ।পাশাপাশি তার কাছ থেকে লক্ষাধিক টাকার সোনার গয়নাও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর,শারদাপল্লী এলাকার দুটি পৃথক বাড়িতে চুরির ঘটনাগুলি ঘটে।বাড়ির সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় অভিযুক্ত।পরবর্তীতে বাড়ি ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন পরিবারের সদস্যরা।
এরপর গত সেপ্টেম্বর মাসে মাটিগাড়া থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিকরা।অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে অভিযুক্তের সন্ধান শুরু করেন তদন্তকারীরা।অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ার খোলাইবস্তি এলাকায় অভিযান চালিয়ে রঘুবীর প্রসাদ সাহাকে আটক করে পুলিশ।পুলিশি অভিযানে চুরি যাওয়া সোনার গয়নার একটি বড় অংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।এই চুরির ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না,কিংবা উদ্ধার হওয়া গয়নার বাইরে আরও কোনও সামগ্রী চুরি গিয়েছে কি না,তা খতিয়ে দেখছে পুলিশ।



















