বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কাজল ঘোষের ছবি ভাইরাল,দলবদলের জল্পনা ঘিরে বিধাননগরে বিক্ষোভ

0
34

বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কাজল ঘোষের ছবি ভাইরাল,দলবদলের জল্পনা ঘিরে বিধাননগরে বিক্ষোভ

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে ফাঁসিদেওয়া ব্লকের তৃণমূল নেতা কাজল ঘোষের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।তবে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন কাজল ঘোষ?এই প্রশ্নকে কেন্দ্র করেই ফাঁসিদেওয়ার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন জল্পনা।ছবি ভাইরাল হওয়ার পরই ফাঁসিদেওয়ার বিধাননগর মণ্ডল বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।বিজেপি কর্মী-সমর্থকরা মিছিলে অংশ নিয়ে কাজল ঘোষের বিরুদ্ধে স্লোগান তোলেন।মিছিল শেষে বিধাননগর বাজারের চৌমাথা মোড়ে কাজল ঘোষের কুশপুতুল দাহ করা হয়।এই প্রসঙ্গে বিধাননগর মণ্ডল বিজেপির সহ-সভাপতি গোবিন চান মণ্ডল বলেন,দীর্ঘ ১৫বছর ধরে তৃণমূল নেতা কাজল ঘোষ ফাঁসিদেওয়া ব্লকে বিভিন্নভাবে শোষণ চালিয়েছেন বলে তাঁদের অভিযোগ।তাঁর বিরুদ্ধে বালি ও জমি সংক্রান্ত একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি।গোবিন চান মণ্ডলের আরও অভিযোগ,জেলা নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের কিছু লোককে বিজেপিতে ঢুকিয়ে বিধাননগর মণ্ডল কমিটি ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।কাজল ঘোষ কার মদতে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন,তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।পাশাপাশি,কোনওভাবেই কাজল ঘোষের বিজেপিতে যোগদান তাঁরা মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।সব মিলিয়ে,কাজল ঘোষের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের ছবি ভাইরাল হওয়াকে কেন্দ্র করে ফাঁসিদেওয়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।যদিও কাজল ঘোষের বিজেপিতে যোগদানের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।