কুসংস্কারের ভয়াবহ পরিণতি! ডাইনি অপবাদে আদিবাসী বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগে তোলপাড় হরিরামপুর
হাড়হিম করা ঘটনা! ডাইনি অপবাদে সত্তোরোর্দ্ধ আদিবাসী বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের নাহিট এলাকায়। ঘটনার পরেই অভিযুক্ত প্রতিবেশী জয়রাম কিস্কুকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমেছে হরিরামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম ডুমকি কিস্কু(৭১)। মেয়ের বিয়ে দেবার পর ছেলেকে নিয়ে একাকিই থাকতেন হতদরিদ্র ওই আদিবাসী বৃদ্ধা। শুক্রবার রাতে প্রতিবেশী জয়রাম কিস্কুর মুদির দোকানে জিনিস কিনতে গিয়েছিলেন ওই আদিবাসী বৃদ্ধা। যেখানেই তাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে পেশায় গাড়ি চালক ওই অভিযুক্ত। জয়রাম কিস্কুর অভিযোগ, ওই বৃদ্ধা ডাইনি। তার ছেলেকে খেয়ে নেবার কথা বলায় তিনি কিছুটা উত্তেজিত হয়ে যান। তবে খুনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। জানা গেছে, নাহিট এলাকার বাসিন্দা জয়রাম কিস্কুর একমাত্র ছেলে দীর্ঘদিন ধরেই অসুস্থ অবস্থায় রয়েছে। ডাক্তার দেখিয়েও তার শারিরীক অবস্থার কোন উন্নতি হয়নি। তার মাঝেই ওইদিন রাতে তার মুদির দোকানে জিনিস কিনতে যায় প্রতিবেশী বৃদ্ধা ডুমকি কিস্কু। যেখানেই ডাইনি অপবাদ নিয়ে শুরু হয় উভয়ের মধ্যে তর্কবিতর্ক। জয়রাম কিস্কুর অভিযোগ, দোকানে এসে তার ছেলেকে খেয়ে নেবার কথা বলে ওই বৃদ্ধা। তারপরেই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। বৃদ্ধার পরিবারের লোকেদের অভিযোগ ডাইনি অপবাদ দিয়ে ওইদিন রাতে লাঠি দিয়ে জয়রাম কিস্কু তার মা কে পিটিয়ে খুন করেছে। ঘটনার পর স্থানীয় হরিরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে। যে ঘটনা নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। যে খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌছে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে হরিরামপুর থানার পুলিশ।
মৃত বৃদ্ধার ছেলে গুরুম কিস্কু বলেন, সকালে মায়ের হাতে খেয়ে কাজে বেরিয়েছিলেন। এরপর খবর পেয়ে বাড়িতে ছুটে এসে দেখেছেন তার মাকে প্রতিবেশী জয়রাম ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে।
মেয়ে চুর্কি কিস্কু বলেন, পাশ্ববর্তী এলাকায় মা এর অসুস্থতার খবর পেয়ে এলাকায় এসে দেখেন মাটিতে পড়ে রয়েছে মা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছে। ডাইনি অপবাদ দিয়ে তার মা কে মেরে ফেলা হয়েছে। অভিযুক্তর শাস্তি চান তারা।
প্রতিবেশী নিমু সরেন বলেন, কুসংস্কারের শিকার হয়েছেন ওই বৃদ্ধা। তারা আদিবাসী সংগঠনের তরফে এত প্রচার করবার পরেই ডাইনির ঘটনা অব্যাহত রয়েছে। মদ্যপ অবস্থায় থাকা ওই যুবক ওইদিন রাতে ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধাকে পিটিয়ে খুন করেছে। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।























