ইসলামপুরে টোটোযাত্রীকে মারধরের অভিযোগ, উত্তেজনা ডিপোর সামনে, আটক বাসকর্মী

0
24

টোটোকে পাশ কাটিয়ে যাওয়ার সময় পায়ে চোট লাগাকে কেন্দ্র করে বচসা। সেই বচসা থেকে মারধরের অভিযোগ উঠল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এক কর্মীর বিরুদ্ধে। ঘটনার জেরে ইসলামপুরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোর সামনে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ডিপোর এক কর্মীকে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের গুঞ্জুরিয়ার বাসিন্দা মহম্মদ কাদের পরিবারের সদস্যদের নিয়ে টোটোয় চেপে একটি নিমন্ত্রণবাড়িতে যাচ্ছিলেন। সেই সময় ইসলামপুরের মিলনপল্লি সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস দ্রুতগতিতে তাঁদের টোটোকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় বাসের ধাক্কা এড়াতে গিয়ে কাদেরের পায়ে চোট লাগে বলে জানা গিয়েছে।

এরপর ঘটনার প্রতিবাদ জানালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের এক কর্মী তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনার পর কাদের ও তাঁর গ্রামের কয়েকজন বাসিন্দা ডিপোর সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, সেই সময় ডিপো থেকে কয়েকজন কর্মী বেরিয়ে এসে ফের কাদের ও তাঁর সঙ্গীদের মারধর করেন। এর জেরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ডিপোর এক কর্মীকে আটক করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।