দেশভাগের স্মৃতি পেরিয়ে ৮২ বছর, ঐতিহ্যের বন্ধনে হ্যামিল্টনগঞ্জের সাহা বাড়ির লক্ষ্মীপুজো

0
27

দেশভাগের স্মৃতি পেরিয়ে ৮২ বছর, ঐতিহ্যের বন্ধনে হ্যামিল্টনগঞ্জের সাহা বাড়ির লক্ষ্মীপুজো

আলিপুরদুয়ার : সময় বদলেছে, বদলেছে উৎসব উদযাপনের ধরন। হারিয়ে গিয়েছে কবিগান ও পালাগানের আসর। তবুও ঐতিহ্যের টানে আজও অমলিন হ্যামিল্টনগঞ্জের সাহা বাড়ির লক্ষ্মীপুজো। সোনার গয়নায় সজ্জিত ১১ ফুটের লক্ষ্মী প্রতিমা, ৫০ রকমের প্রসাদ এবং বংশপরম্পরায় চলে আসা প্রাচীন রীতিনীতি সব মিলিয়ে এই পুজো আজও এলাকার অন্যতম আকর্ষণ।

আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের শ্যামাপ্রসাদ কলোনিতে গত ৮২ বছর ধরে আয়োজিত হচ্ছে এই পুজো। জানা যায়, বাংলাদেশের ঢাকায় হরচন্দ্র সাহার হাত ধরে এই পুজোর সূচনা। দেশভাগের পর সেই ঐতিহ্যকে সঙ্গে নিয়ে হ্যামিল্টনগঞ্জে পুজো শুরু করেন তাঁর উত্তরসূরিরা।

একসময় এই পুজো উপলক্ষে সাত দিন ধরে চলত কবিগান ও পালাগান। ষাটের দশকে আয়োজিত হতো আরতি প্রতিযোগিতাও, যেখানে বিজয়ীদের দেওয়া হতো সোনার পদক। বর্তমানে আরতি প্রতিযোগিতা চালু থাকলেও সোনার পদক দেওয়ার রীতি বন্ধ হয়েছে। তবে লক্ষ্মী প্রতিমার সোনার অলংকার থেকে পদ্মফুল ও ধানের শিষ পুজোর নানা উপকরণে আজও বজায় রয়েছে বিশেষ ঐতিহ্য।

নারায়ণচন্দ্র সাহা জানান, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের মিলনমেলায় পরিণত হয় এই পুজো। বর্তমানে পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে।