মাতালহাট গ্রাম পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্বের সংঘর্ষ, আহত ১

0
22

মাতালহাট গ্রাম পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্বের সংঘর্ষ, আহত ১

দিনহাটা – বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ১ নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েতে জরুরি বৈঠক চলাকালীন দুই পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় বিজেপি নেতা মুকুল বর্মন আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধান ও উপপ্রধান না থাকায় মাতালহাট গ্রাম পঞ্চায়েতের কাজকর্মে অচলাবস্থা তৈরি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে ব্লক প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জরুরি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার চার নম্বর মণ্ডলের সভাপতি শঙ্কু সরকার-সহ এলাকার বিজেপির বিভিন্ন পদাধিকারীরা।

অভিযোগ, বৈঠক শেষ হওয়ার পর বিজেপি নেতা মুকুল বর্মন তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে পৌঁছন। এরপর শঙ্কু সরকার-সহ উপস্থিত বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। অভিযোগ, একপর্যায়ে গালিগালাজ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি সংঘর্ষের রূপ নিলে মুকুল বর্মন আহত হন।

অন্যদিকে, মুকুল বর্মনের দাবি, তিনি গ্রাম পঞ্চায়েতে একটি কাজের জন্য গিয়েছিলেন। সেই সময় শঙ্কু সরকার ও তাঁর অনুগামীরা তাঁর উপর হামলা চালান। যদিও মুকুলের তোলা অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কু সরকার।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে গতকাল রাতে শঙ্কু সরকার-সহ বিজেপির কয়েকজন নেতা দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান বলে জানা গিয়েছে।

গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক অচলাবস্থা কাটাতে ডাকা জরুরি বৈঠককে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তবে ঠিক কী কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত, তা নিয়ে পরস্পরবিরোধী দাবি সামনে এসেছে।