বাসের ভিতরেই মুষলধারে বৃষ্টি! ছাতা মাথায় মালদা পৌঁছালেন এনবিএসটিসির যাত্রীরা
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ অক্টোবর —–
বাইরে আকাশ ভেঙে বৃষ্টি। ঝমঝম করে জল নামছে রাস্তায়। সেই বৃষ্টি থেকে বাঁচতেই বাসে উঠেছিলেন যাত্রীরা। কিন্তু বাসে উঠেই যেন উল্টো ছবি! বাইরে যতটা বৃষ্টি, বাসের ভিতরেও ততটাই জল। ছাদ চুইয়ে একের পর এক জায়গা দিয়ে ঢুকছে বৃষ্টির জল। কেউ ভিজছেন, কেউ ব্যাগ দিয়ে মাথা বাঁচাচ্ছেন। আর শেষ পর্যন্ত কয়েক জন যাত্রী বাধ্য হয়ে খুলে ফেললেন ছাতা বাসের ভিতরেই!
বৃহস্পতিবার সকালে বালুরঘাট-মালদা রুটের একটি এনবিএসটিসি বাসে এমনই দুর্ভোগের ছবি দেখা যায়। সকাল সাড়ে আটটা নাগাদ বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে মালদার উদ্দেশ্যে ছাড়ে যাত্রীবোঝাই বাসটি। বাস কিছুটা এগোতেই শুরু হয় বিপত্তি। বৃষ্টির জল ঢুকতে থাকে ছাদ ও জানালা দিয়ে। বাসের ভিতরে একাধিক জায়গায় শুরু হয় জল পড়া। আচমকা এমন পরিস্থিতিতে রীতিমতো হতচকিত হয়ে পড়েন যাত্রীরা। কয়েক জনের পোশাক ভিজে যায়। মেঝেতেও জমতে থাকে জল।
পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত বাসের ভিতরেই ছাতা খুলে বসেন কয়েক জন যাত্রী। দীর্ঘ পথের যাত্রায় কারও মাথার উপর ছাতা, কারও কোলে ব্যাগ, আবার কেউ ভিজতে ভিজতেই বসে থাকেন। বাইরে তখন অবিরাম বৃষ্টি। আর সরকারি বাসের ভিতরে তৈরি হয় আর এক বর্ষা!
দক্ষিণ দিনাজপুরে এ দিন সকাল থেকেই বজ্রপাত-সহ প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। সেই সময়ই এই ঘটনা। যাত্রীদের অভিযোগ, বৃষ্টি হলেই এনবিএসটিসির বেশ কিছু বাসে ছাদ দিয়ে জল ঢোকার সমস্যা দেখা যায়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও বাসের রক্ষণাবেক্ষণে স্থায়ী পদক্ষেপ হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
যাত্রী কোয়েল সরকার বলেন, মালদা যাওয়ার জন্য টিকিট কেটে বাসে উঠেছিলাম। বাসস্ট্যান্ড ছাড়ার পরেই ভিতরে চার দিক থেকে জল পড়তে শুরু করে। বাইরে থেকে যেন বাসের ভিতরেই বেশি জল পড়ছিল। অনেকেই ভিজে গিয়েছেন। বিষয়টি কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত।
আর এক যাত্রী অনিমেষ সরকার বলেন, বাসে উঠে প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। পরে দেখি চার দিকে জল পড়ছে। কিছুটা ভিজে যাওয়ার পর ছাতা খুলেই বসতে হয়েছে।
বাসের এক কন্ডাক্টরের কথাতেও উঠে এসেছে সমস্যার কথা। তাঁর দাবি, বৃষ্টি হলেই এই সমস্যা হয়। যাত্রীদের ক্ষোভের মুখে আমাদের পড়তে হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও কোনও স্থায়ী সমাধান হয়নি।
এ দিনের ঘটনা ঘিরে ফের প্রশ্ন উঠেছে সরকারি পরিবহণের রক্ষণাবেক্ষণ নিয়ে। যাত্রীদের বক্তব্য, বৃষ্টির দিনে বাসের ভিতরেই যদি ছাতা খুলে বসতে হয়, তবে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে—সরকারি বাসে যাত্রার জন্য কি এখন টিকিটের সঙ্গে ছাতাও সঙ্গে রাখতে হবে?






















