ডুপ্লিকেট চাল বিক্রির অভিযোগের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, শিলিগুড়িতে চাঞ্চল্য

0
17

একটি নামী ব্র্যান্ডের ডুপ্লিকেট চাল বিক্রির অভিযোগের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠল এক চাল ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নাম ও প্যাকেট ব্যবহার করে নিম্নমানের বা নকল চাল বাজারে বিক্রি করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে চলছিল পুলিশের অভিযান। শিলিগুড়ির খালপাড়ায় একটি চালের গুদামে তখন প্রচুর পুলিশ। সেই অভিযোগের বিষয়ে খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির কয়েকজন সাংবাদিক। তাঁরা চালের প্যাকেট, দোকান এবং বিক্রির প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন বলে জানা গিয়েছে।

অভিযোগ, সাংবাদিকরা ঘটনাস্থলে খবর সংগ্রহ করার সময় তাঁদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন সংশ্লিষ্ট চাল ব্যবসায়ী। পুলিশের সামনেই ঘটে এই অশান্তির ঘটনা।বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্যবসায়ীর বচসা শুরু হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সাংবাদিকদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে।

ঘটনায় কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে খালপাড়া এবং শিলিগুড়ি থানা থেকে আরো পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তবে ডুপ্লিকেট চাল বিক্রির অভিযোগের সত্যতা এবং সাংবাদিকদের উপর হামলার অভিযোগ—দুই বিষয়ই তদন্তের আওতায় রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সংবাদ সংগ্রহের কাজে বাধা দেওয়া এবং সাংবাদিকদের উপর হামলার অভিযোগের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ডুপ্লিকেট চাল বিক্রির অভিযোগের পাশাপাশি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ওই চাল ব্যবসায়ী বা সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে।