স্বনির্ভর গড়ার কারিগরদেরই সংসারে অন্ধকার! ২৬ মাসের বেতন বকেয়া, ক্ষোভে ডিআরডিসি অফিসে বিক্ষোভ

0
49

স্বনির্ভর গড়ার কারিগরদেরই সংসারে অন্ধকার! ২৬ মাসের বেতন বকেয়া, ক্ষোভে ডিআরডিসি অফিসে বিক্ষোভ

বালুরঘাট, ১৪ জুলাই —- যাঁদের হাত ধরে গড়ে উঠেছে হাজার হাজার স্বনির্ভর গোষ্ঠী, সেই কর্মীরাই আজ নিজেদের জীবনের লড়াইয়ে অসহায়। কারও ৯ মাস, কারও আবার টানা ২৬ মাসের বেতন বকেয়া। দীর্ঘদিনের এই বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বালুরঘাটের নাট্যমন্দির সংলগ্ন ডিআরডিসি (DRDC) অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন সারা বাংলা সিএসপি কর্মী ইউনিয়নের প্রায় দেড়শো সদস্য। তাঁদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা, তৈরি হয় উত্তেজনার পরিবেশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠী তৈরি থেকে শুরু করে সদস্য সংগ্রহ, ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা, ঋণ পরিশোধের তদারকি, সরকারি প্রকল্পের বাস্তবায়ন—প্রতিটি ক্ষেত্রেই তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সেই কর্মীদেরই মাসের পর মাস বেতন মিলছে না। মাত্র চার হাজার টাকার সামান্য সম্মানিকও অনিয়মিত। নেই সরকারি কর্মীর স্বীকৃতি, নেই পরিচয়পত্র, নেই কোনও সামাজিক নিরাপত্তা বা ভবিষ্যতের নিশ্চয়তা। ফলে চরম আর্থিক সংকটের মধ্যে পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
এদিন বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে দেওয়া, মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, সরকারি পরিচয়পত্র প্রদান-সহ মোট ১৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি ডিআরডিসির প্রজেক্ট ডিরেক্টরের হাতে তুলে দেন আন্দোলনকারীরা।
সংগঠনের কনভেনর মিঠু ভৌমিক বলেন, আমরাই স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলি, অথচ নিজেরাই স্বনির্ভর নই। বহু কর্মীর ৯ মাস থেকে ২৬ মাস পর্যন্ত বেতন বকেয়া। এই অবস্থায় সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে। দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।