ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকা
শীতল চক্রবর্তী তপন ২৪ মে দক্ষিণ দিনাজপুর।প্রবল ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকা।বালাপুর, ডাইন মালঞ্চা, নিমপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে ঝড়ের দাপটে উপড়ে পড়ে একাধিক গাছ। বহু কাঁচা বাড়ির টিন ও খড়ের ছাউনি উড়ে যায়। বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় সম্পূর্ণভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপর শুরু হয় প্রবল ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি। ঝোড়ো হাওয়ার দাপটে রাজ্য সড়কের ওপর বড় বড় গাছ উপড়ে পড়ে। ফলে লস্করহাট-চকভৃগু রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী বাস, টোটো ও ছোট গাড়ি।
অন্যদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পানীয় জলের সমস্যাও দেখা দিয়েছে। বহু এলাকায় বৈদ্যুতিক পাম্প বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। খবর পেয়ে প্রশাসন, বিদ্যুৎ দপ্তর ও স্থানীয় পঞ্চায়েত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
রবিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তার ওপর পড়ে থাকা গাছ কাটার কাজ শুরু হয়। দ্রুত যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে আনার কাজও চলছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
ঝড়ের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ না ফেরায় গ্রাম জুড়ে পানীয় জলের হাহাকার দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা অলিপ সরকার সহ আরও এক বাসিন্দা বলেন, “আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। প্রশাসন পাশে দাঁড়াক, সেই দাবি জানাই।”
তপন পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন,“বড় ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি বিডিও-কে জানানো হয়েছে।”
জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি বলেন,“বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকা























