পিছিয়ে পড়া’ তকমা মুছে উন্নয়নের মহাসড়কে দক্ষিণ দিনাজপুর! মেডিকেল কলেজ ঘিরে স্বপ্নের জোয়ার জেলায়
বালুরঘাট, ২৩ মে —- দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা আর ‘পিছিয়ে পড়া জেলা’র তকমা যেন এবার ইতিহাস হতে চলেছে দক্ষিণ দিনাজপুরে। রাজ্যে তিনটি নতুন মেডিকেল কলেজ গঠনের প্রস্তুতির ঘোষণা হতেই নতুন আশার আলো দেখছে সীমান্তবর্তী এই জেলা। চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ থেকে কর্মসংস্থান— একসঙ্গে একাধিক ক্ষেত্রে আমূল পরিবর্তনের সম্ভাবনায় এখন উচ্ছ্বসিত জেলার মানুষ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের পর থেকেই বালুরঘাটে কার্যত উৎসবের আবহ। জেলার বিশিষ্ট চিকিৎসক তথা চিকিৎসক সংগঠনের অন্যতম মুখ ডা: পয়োধি ধর বলেন, “অন্যান্য জেলায় মেডিকেল কলেজ তৈরি হতে যেখানে চার বছর পর্যন্ত সময় লাগে, সেখানে বালুরঘাটে প্রয়োজনীয় বহু পরিকাঠামো আগে থেকেই থাকায় আড়াই বছরের মধ্যেই মেডিকেল কলেজ চালু করা সম্ভব।”
তাঁর দাবি, এই মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, দক্ষিণ দিনাজপুরের সামগ্রিক উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠবে। এতদিন উন্নত চিকিৎসার জন্য জেলার মানুষকে মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতার দিকে ছুটতে হত। মেডিকেল কলেজ চালু হলে সেই দুর্ভোগ অনেকটাই কমবে। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় আসবে আমূল বদল।
চিকিৎসার পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও খুলবে বিরাট সম্ভাবনার দরজা। প্রায় ১২০০ ছেলে-মেয়ের সরাসরি চাকরির সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি হাসপাতাল কেন্দ্রিক ব্যবসা, পরিবহণ, আবাসন, খাবারের দোকান সহ একাধিক ক্ষেত্রে পরোক্ষভাবে হাজার হাজার মানুষের রুজির পথ খুলবে বলে মত ওয়াকিবহাল মহলের।
একসময় যে দক্ষিণ দিনাজপুরকে উন্নয়নের মানচিত্রে ‘শেষ সারির জেলা’ বলা হত, সেই জেলাই এবার মেডিকেল শিক্ষার নতুন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায়। জেলার মানুষের চোখে এখন একটাই স্বপ্ন— “মেডিকেল কলেজই বদলে দেবে দক্ষিণ দিনাজপুরের ভবিষ্যৎ।”























