ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর, গুরুতর আহত শিক্ষক স্বামী

0
60

ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর, গুরুতর আহত শিক্ষক স্বামী
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২২ মে দক্ষিণ দিনাজপুর :
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গৃহবধূ।গুরুতর আহত হয়েছেন তাঁর শিক্ষক স্বামী।শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠ্যাঙাপাড়া-কড়িয়াল এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কাকলি সরকার (২৬)। গুরুতর আহত স্বামী চঞ্চল সরকার বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার পশ্চিম কড়িয়াল গ্রামের বাসিন্দা চঞ্চল সরকার পেশায় একজন শিক্ষক ছিলেন।শুক্রবার দুপুর প্রায় ১২টা নাগাদ তিনি স্ত্রী কাকলি সরকারকে মোটরবাইকে নিয়ে ঠ্যাঙাপাড়া দিক থেকে বাড়ি ফিরছিলেন।সেই সময় কড়িয়াল এলাকায় বুনিয়াদপুরগামী একটি দ্রুতগতির ডাম্পার পিছন দিক থেকে তাঁদের মোটরবাইকটিকে সজোরে ধাক্কা মারে।ধাক্কার জেরে মোটরবাইক থেকে ছিটকে পড়ে যান স্বামী-স্ত্রী দু’জনেই। স্থানীয় মানুষজন ছুটে এসে আহত চঞ্চল সরকারকে উদ্ধার করেন।তবে কাকলি দেবী ডাম্পারের নিচে চাপা পড়ে যান।পরিস্থিতি দেখে ক্ষুব্ধ গ্রামবাসীরা ডাম্পারটি উল্টে দিয়ে কাকলি দেবীকে উদ্ধার করেন এবং দ্রুত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে চঞ্চল সরকারের।দুর্ঘটনার পর ৫১২ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাম্পারের চালক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং গঙ্গারামপুর ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস। পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
জেলা পরিষদের সদস্য মৃনাল সরকার বলেন,“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এভাবে একজন তরতাজা গৃহবধূর মৃত্যু মেনে নেওয়া কঠিন। প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।