গুজব রুখতে কড়া হুঁশিয়ারি, ভোট-পরবর্তী হিংসায় ‘জিরো টলারেন্স’ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের
বালুরঘাট, ৬ মে —- ভোট মিটতেই গুজব আর সম্ভাব্য হিংসা ঠেকাতে কড়া বার্তা দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বুধবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠকে জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক বালা সুব্রামানিয়ান টি স্পষ্ট জানালেন— কোনওভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না।
শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জেলা বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে জেলাশাসক বলেন, “ভোট-পরবর্তী সময়ে কিছু এলাকায় হিংসার নজির থাকে। আমাদের জেলায় তা যেন না ঘটে, সে জন্যই এই সতর্কবার্তা।” একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো নিয়ে কড়া নজরদারির কথাও জানান তিনি।
উৎসব বা বিজয় মিছিল করতে হলে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক বলেও স্পষ্ট করে দেন জেলাশাসক। তিনি জানান, “কোনও রকম হিংসার ঘটনা ঘটলে দল-মত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানান, ইতিমধ্যেই কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর মিলেছে এবং তাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। “এ পর্যন্ত ৩০ জনেরও বেশি গ্রেফতার হয়েছে। ভবিষ্যতেও কোনও অভিযোগ পেলে রাজনৈতিক রঙ না দেখে কড়া পদক্ষেপ করা হবে বলেন তিনি।
পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক নীতিন গুপ্তার উপস্থিতিতে জানানো হয়, জেলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।
সব মিলিয়ে, ভোট-পরবর্তী সময়ে শান্তি বজায় রাখতে প্রশাসনের ‘কড়া নজর’ যে জারি, তা স্পষ্ট।
























