নির্বাচনী ডিউটির বেপরোয়া গতি! টোটো গুঁড়িয়ে মৃত্যু চালকের, নয়ানজুলিতে উল্টে পর্যবেক্ষকের গাড়ি

0
61

নির্বাচনী ডিউটির বেপরোয়া গতি! টোটো গুঁড়িয়ে মৃত্যু চালকের, নয়ানজুলিতে উল্টে পর্যবেক্ষকের গাড়ি

বালুরঘাট, ৩ মে —– ভোটের আবহে দায়িত্বে থাকা গাড়িই হয়ে উঠল মৃত্যুদূত। দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার বাউল এলাকায় রবিবার দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন টোটোচালক খোকন সরকার (৪২)। নির্বাচনী পর্যবেক্ষকের সরকারি গাড়ির ধাক্কায় মুহূর্তে চূর্ণবিচূর্ণ হয়ে যায় টোটোটি। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে পর্যবেক্ষকের গাড়ি—ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বাউল শ্মশান সংলগ্ন একটি সরু পথ থেকে ৫১২ নম্বর জাতীয় সড়কে উঠছিল টোটোটি। ঠিক সেই সময় বালুরঘাটের দিক থেকে আসা কুশমন্ডি বিধানসভার নির্বাচনী পর্যবেক্ষকের গাড়ি আচমকাই সজোরে ধাক্কা মারে টোটোটিকে। আঘাত এতটাই প্রবল ছিল যে, টোটোটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।
দুর্ঘটনার ঠিক আগে গাড়ি থেকে নেমে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন পর্যবেক্ষক শনমুগরাজন এস। তবে তাঁর নিরাপত্তারক্ষী ঘটনায় গুরুতর জখম হয়েছে। মাথায় মারাত্মক আঘাত নিয়ে তাঁকে দ্রুত বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট-গাজোল ৫১২ নম্বর জাতীয় সড়ক। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি পৌঁছয় পতিরাম থানার পুলিশ। ক্রেনের সাহায্যে নয়ানজুলি থেকে উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

স্থানীয় বাসিন্দা তপন সরকার বলেন, অবজারভারের গাড়িটি বালুরঘাটের দিক থেকে আসছিল। অন্যদিকে ওই টোটোটি শ্মশানের পাশের রাস্তা থেকে উঠতেই এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মারা গেছে টোটো চালক। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। একইসঙ্গে প্রশ্নের মুখে পড়েছে দায়িত্বে থাকা সরকারি গাড়ির গতি ও নিরাপত্তা—ভোটের ডিউটিতেই যদি এমন বেপরোয়া চালনা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?