শেষ লগ্নে কোর্ট চত্বরে ভোট-দ্বৈরথ, আইনজীবীদের দরজায় দরজায় অর্পিতা-বিদ্যুতের প্রচার

0
45

শেষ লগ্নে কোর্ট চত্বরে ভোট-দ্বৈরথ, আইনজীবীদের দরজায় দরজায় অর্পিতা-বিদ্যুতের প্রচার

বালুরঘাট, ২০ এপ্রিল —– ভোটের আর ক’টা দিন বাকি, তার আগেই আইনজীবীদের ভোটব্যাঙ্ক নিজেদের দিকে টানতে বালুরঘাট কোর্ট চত্বরে জোরদার প্রচারে নামলেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। সোমবার দুপুরে কার্যত আদালত চত্বরই পরিণত হল নির্বাচনী লড়াইয়ের নতুন মঞ্চে। একদিকে বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়, সঙ্গে সাংসদ তথা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে প্রায় একই সময়ে হাজির তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।
পেশায় আইনজীবী বিদ্যুৎ নিজের পরিচিত ‘ঘর’ থেকেই সহকর্মীদের সমর্থন চাইতে নামেন। হাতজোড় করে আদালত চত্বরে একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি। পাশে থেকে প্রচারে শামিল হন সুকান্তও। বিজেপির লক্ষ্য, আইনজীবী মহলের সমর্থনকে ভোটে রূপান্তরিত করা।
পাল্টা তৃণমূলও পিছিয়ে থাকেনি। কোর্ট চত্বরে পৌঁছে অর্পিতা ঘোষও আইনজীবীদের সঙ্গে জনসংযোগে জোর দেন। রাজনৈতিক মহলের মতে, শেষ বেলার প্রচারে আইনজীবীদের মতো প্রভাবশালী ভোটব্যাঙ্ককে গুরুত্ব দিয়েই দুই শিবিরের এই ‘কোর্ট-কেন্দ্রিক’ তৎপরতা।
যদিও মুখোমুখি হলেও সৌজন্যের সীমা অতিক্রম করেননি কোনও পক্ষই। একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই নিজস্ব কৌশলে ভোট চান দুই প্রার্থী। তবে আদালত চত্বরে এ দিনের সমান্তরাল প্রচার ঘিরে রাজনৈতিক উত্তাপ ছিল চোখে পড়ার মতো। ভোটের আগে শেষ লগ্নে এই প্রচার-লড়াই যে তাৎপর্যপূর্ণ বার্তা দিল, তা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরাও।