ভোটের মুখে ‘৩ হাজার টাকার ফর্ম’ বিতর্ক, আদিবাসী গ্রামে বিজেপি নেতাদের ঘেরাও, আটক ৩

0
52

ভোটের মুখে ‘৩ হাজার টাকার ফর্ম’ বিতর্ক, আদিবাসী গ্রামে বিজেপি নেতাদের ঘেরাও, আটক ৩

বালুরঘাট, ২০ এপ্রিল —- ভোটের মুখে আদিবাসী এলাকায় আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে বিজেপির ‘অন্নপূর্ণা সংকল্প পত্র’-এর ফর্ম ফিলাপকে ঘিরে উতপ্ত হরিরামপুর। তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ তুলে সোমবার বিজেপি নেতাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল। উত্তেজনার জেরে তিন বিজেপি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত হরিরামপুর ব্লকের শিরষি গ্রাম পঞ্চায়েতের মঞ্চমপুর গ্রামে। একই অভিযোগ উঠেছে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর বুথেও। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে আদিবাসী গ্রামে গ্রামে ঘুরে ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ নামে ফর্ম পূরণ করানো হচ্ছিল। আধার ও ব্যাঙ্কের তথ্য নেওয়ার পাশাপাশি তিন হাজার টাকা পাওয়ার আশ্বাসও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বিরোধীদের দাবি, এ ভাবে সরাসরি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছিল।
অভিযোগ ঘিরে ক্ষোভ ছড়াতেই বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে পরিমল মোদি, মুকুল মোদি ও বদলু মোদিকে আটক করে। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তৃণমূল নেতা আব্দুল জলিল, দুর্গা সরেন ও মধু কর্মকারের অভিযোগ, “প্রলোভন দেখিয়ে আদিবাসী ভোটব্যাঙ্কে প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছিল। নির্বাচন বিধি লঙ্ঘন করেই এই কাজ চলছিল।

যদিও বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদারের দাবি, “এটি শুধুই দলের সংকল্প পত্রের প্রচার। তৃণমূল ইচ্ছাকৃত ভাবে আতঙ্ক তৈরি করে আমাদের প্রচারে বাধা দিচ্ছে।

ভোটের মুখে আধার-ব্যাঙ্ক তথ্য, আর্থিক প্রতিশ্রুতি ও ফর্ম ফিলাপ ঘিরে এই বিতর্কে নতুন করে সরগরম হরিরামপুরের রাজনীতি। নির্বাচনী প্রচার না ভোট প্রভাবিতের কৌশল— উঠছে সেই প্রশ্নই।