বালুরঘাটে ‘হাই ভোল্টেজ’ সভা! অভিষেককে ঘিরে ২৫ হাজারের জমায়েতের লক্ষ্যে তৃণমূল

0
104

বালুরঘাট, ৩০ মার্চ —- দক্ষিণ দিনাজপুরে ভোটের ময়দান যত গরম হচ্ছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক লড়াইয়ের সুর। সেই আবহেই মঙ্গলবার বালুরঘাটে প্রথম জনসভা করতে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর সভাকে ঘিরে কার্যত যুদ্ধকালীন প্রস্তুতিতে নেমেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
দলীয় সূত্রে জানা গিয়েছে, শহরের টাউন ক্লাব মাঠে আয়োজিত এই সভায় বেলা একটা নাগাদ হেলিকপ্টারে পৌঁছবেন অভিষেক। লক্ষ্য—২০ থেকে ২৫ হাজার মানুষের জমায়েত, যা নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের বড় মঞ্চ হিসেবেই দেখছে দল।
সোমবার সকালেই সভাস্থল ও হেলিপ্যাড ঘুরে দেখেন বালুরঘাট বিধানসভার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। সঙ্গে ছিলেন জেলা নেতৃত্ব ও প্রশাসনের কর্তারা। নিরাপত্তা থেকে শুরু করে মঞ্চ, প্রবেশ ও বাহির পথ—সব দিক খুঁটিয়ে খতিয়ে দেখা হয়। দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন প্রার্থী।
তপন বিধানসভার প্রার্থী চিন্তামনি বিহাকেও সঙ্গে নিয়ে এই সভাকে ঘিরে কৌশল সাজাচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই এলাকায় জোর প্রচার শুরু করেছেন দুই প্রার্থীই।
অর্পিতা ঘোষ বলেন, প্রায় প্রতিদিনই আমরা প্রস্তুতির খোঁজ নিচ্ছি। সোমবারও দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ছোট বৈঠক হয়েছে। অভিষেকের সভায় বিপুল জনসমাগম হবে বলেই আমরা আশাবাদী।
ভোটের আগে এই সভা যে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে, তা নিয়ে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে।