বকেয়া বেতন মেটানোর দাবিতে বিক্ষোভে জল জীবন মিশন প্রকল্পের অস্থায়ী কর্মীরা

0
35

বকেয়া বেতন মেটানোর দাবিতে বিক্ষোভে সামিল হলেন জল জীবন মিশন প্রকল্পের অস্থায়ী কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা পরিষদের গেটের সামনে জড়ো হয়ে প্রতিবাদে সরব হন কর্মীরা।

অভিযোগ, টানা ছয় মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। বকেয়া বেতন মেটানোর দাবিতে এর আগেও জেলা শাসক ও জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হলেও কোনও সমাধান হয়নি বলে দাবি আন্দোলনকারীদের।

এদিন ক্ষোভে ফেটে পড়ে কর্মীরা বিক্ষোভ দেখান। পাশাপাশি যে সংস্থার অধীনে তারা কাজ করেন, সেই সংস্থার দফতরের ঘরেও তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত বকেয়া বেতন মেটানো না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।