গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0
63

গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
শীতল চক্রবর্তী বালুরঘাট, ২৭ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো গঙ্গারামপুর মহকুমা স্তরের প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রসমূহের ছাত্রছাত্রীদের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫।
এই ক্রীড়া প্রতিযোগিতায় গঙ্গারামপুর মহকুমার অন্তর্গত মোট ৭টি চক্রের বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা অংশগ্রহণ করে। প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা ৩টি বিভাগে মোট ৩৫টি ইভেন্টে (এর মধ্যে ৩৪টি মূল ইভেন্ট ও ১টি রিলে রেস) প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, দক্ষিণ দিনাজপুর জেলার ডিআই (প্রাথমিক) আবুল হাসান, দক্ষিণ দিনাজপুর ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, শিক্ষক সংগঠনের নেতা সুব্রত মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,“এই ধরনের খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। সেই কারণেই এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি।”
উল্লেখ্য, আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর একই স্টেডিয়ামে জেলা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here