রাজ্য স্তরে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হরিরামপুরের স্নেহা,১০বছরের কিশোরীর সাফল্যে গর্বিত হরিরামপুর ও দক্ষিণ দিনাজপুর

0
113

রাজ্য স্তরে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হরিরামপুরের স্নেহা,১০বছরের কিশোরীর সাফল্যে গর্বিত হরিরামপুর ও দক্ষিণ দিনাজপুর
শীতল চক্রবর্তী বালুরঘাট ২৪ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:-
রাজ্যস্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে হরিরামপুরের পাশাপাশি গোটা দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল মাত্র ১০ বছরের কিশোরী স্নেহা ভুইমালি। এই অসামান্য সাফল্যে খুশির হাওয়া বইছে এলাকাজুড়ে।
জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেটনা রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মাধুরী সরকারের কন্যা স্নেহা ভুইমালি পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী।পড়াশোনার ফাঁকে সময় পেলেই হাতে ব্যাডমিন্টন নিয়ে অনুশীলনে মেতে উঠত সে।
এর আগেও স্নেহা একাধিক জেলাস্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং নিজের দক্ষতার পরিচয় দিয়েছে।সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারে তাকে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
গত ১৮থেকে ২২ডিসেম্বর কলকাতার শিয়ালদা নারকেলডাঙ্গা গুরুদাস ইনস্টিটিউটে অনুষ্ঠিত রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্নেহা ভুইমালি। সেখানে অসাধারণ পারদর্শিতা ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সে।
এই সাফল্যের খবর হরিরামপুর ও জেলায় পৌঁছতেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন এলাকার মানুষজন।অনেকেই মনে করছেন, আগামী দিনে স্নেহা রাজ্য পেরিয়ে জাতীয় স্তরেও জেলার নাম উজ্জ্বল করবে।
স্নেহা জানাল,”এমন সাফল্যের পিছনে মা সহ অনেকেই রয়েছেন। ভবিষ্যতে আরো ভালো জায়গায় পৌঁছাব তার জন্য এমন খেলার প্রতিযোগী হব।” স্নেহার মা মাধুরী সরকার বলেন“ছোটবেলা থেকেই স্নেহা খেলাধুলার প্রতি খুব আগ্রহী। পড়াশোনার পাশাপাশি ওর এই সাফল্যে আমরা খুবই গর্বিত।ও আরও বড় মঞ্চে খেলুক, এইটাই আমাদের আশা।সকলের আশীর্বাদ থাকলে ও অনেক দূর যাবে।” স্নেহার এমন সাফল্যে খুশি হায়েছেন সকলেই।