হরিরামপুর বিধানসভায় কংগ্রেসের দুর্বল সংগঠন? ৮০% বুথে এজেন্ট নেই, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূলের বিপ্লব মিত্র

0
249

শীতল চক্রবর্তী হরিরামপুর ২৪এপ্রিল দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন রাজনৈতিক পরিস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ।অভিযোগ উঠেছে, কংগ্রেস প্রার্থী এস পাল প্রায় ৮০ শতাংশ বুথেই নির্বাচনী এজেন্ট দিতে পারেননি। মোট ২৪৫টি বুথ নিয়ে গঠিত এই বিধানসভা এলাকায় এমন চিত্র রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্র। বিজেপির প্রার্থী দেবব্রত মজুমদার এবং সিপিএমের প্রার্থী গৌতম গোস্বামীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি—উভয় দলই প্রায় প্রতিটি বুথে তাদের নির্বাচনী এজেন্ট বসাতে সক্ষম হয়েছে। সিপিএম প্রার্থীও বেশিরভাগ বুথে এজেন্ট দেওয়ার চেষ্টা করেছেন। তবে কংগ্রেস প্রার্থী এস পালের ক্ষেত্রে সেই চিত্র একেবারেই ভিন্ন।
এদিন নিজের কেন্দ্রে ঘুরে বেড়াতে দেখা যায় তৃণমূলের বর্ষীয়ান প্রার্থী বিপ্লব মিত্রকে।অন্যদিকে কংগ্রেস প্রার্থীকে তুলনামূলকভাবে অনেকটাই আড়ালে থাকতে দেখা যায় বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।
এই প্রসঙ্গে হরিরামপুর ব্লকের তৃণমূল নেতা রাজ্জাক আলী বলেন,”উনি কংগ্রেস প্রার্থী নন, উনি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের এজেন্টের মতো কাজ করছেন।তাই মানুষ ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূলের সঙ্গেই মানুষ রয়েছে।”
তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন,”যার কোনও সংগঠন নেই, তিনি এজেন্ট কোথা থেকে দেবেন? মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। জয় শুধু সময়ের অপেক্ষা।”
অন্যদিকে সিপিএম প্রার্থী গৌতম গোস্বামী দাবি করেন,”মানুষ লাল ঝান্ডার সঙ্গেই রয়েছে।”
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেস প্রার্থী এস পালের দাবি,”যে যা-ই বলুক, এবারের ভোটে জয় আমাদেরই হবে।”
সব মিলিয়ে হরিরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী যে কিছুটা এগিয়ে রয়েছেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে চূড়ান্ত ফলাফলই নির্ধারণ করবে জনতার রায়।