হরিরামপুরে জমজমাট মাছ ধরার প্রতিযোগিতা, প্রথম পুরস্কার ৬০ হাজার টাকা
হরিরামপুর: মাছ ধরার নেশাকে কেন্দ্র করে রবিবার জমজমাট প্রতিযোগিতার সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রাম। গ্রামের ঘোড়াহার পুকুরে পুকুর মালিক জাহিরুল ইসলামের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশাল মাছ ধরার প্রতিযোগিতা। রবিবার ভোর ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা।
দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদা জেলা-সহ বিভিন্ন দূরদূরান্ত থেকে বহু প্রতিযোগী ছিপ নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুকুর মালিকের উদ্যোগে মোট ২০টি আসনের ব্যবস্থা করা হয়েছিল। প্রতিটি আসনেই প্রতিযোগীরা ছিপ নিয়ে মাছ ধরার লড়াইয়ে সামিল হন। কে কত বেশি মাছ ধরতে পারেন, তা নিয়ে সকাল থেকেই প্রতিযোগীদের মধ্যে ছিল টানটান উত্তেজনা।
প্রতিযোগিতায় সর্বাধিক মাছ ধরতে সক্ষম প্রতিযোগীকে প্রথম পুরস্কার হিসেবে ৬০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩৫ হাজার টাকা ও ট্রফি, তৃতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা ও ট্রফি এবং চতুর্থ পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।
এদিন প্রতিযোগিতাকে ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাছ ধরার প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই বহু মানুষ পুকুরপাড়ে ভিড় জমান। পুকুর মালিক জাহিরুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মৎস্যপ্রেমী থেকে শুরু করে মৎস্যজীবী এবং হরিরামপুরের স্থানীয় বাসিন্দারা। জাহিরুল ইসলাম জানান, আগামী দিনেও তিনি আরও বড় আকারে এমন প্রতিযোগিতার আয়োজন করতে চান।
সব মিলিয়ে, মাছ ধরার প্রতিযোগিতাকে ঘিরে রবিবার উৎসবের চেহারা নেয় কলাইবাড়ি গ্রামের ঘোড়াহার পুকুরপাড়।
বাইট পুকুর মালিক জাহিরুল ইসলাম





















