স্ত্রীকে খুনের পুনর্নির্মাণে চাঞ্চল্যকর তথ্য! প্রথমে পেটে ছুরি, পরে হাত দা দিয়ে গলা কেটে খুনের অভিযোগ

0
130

স্ত্রীকে খুনের পুনর্নির্মাণে চাঞ্চল্যকর তথ্য! প্রথমে পেটে ছুরি, পরে হাত দা দিয়ে গলা কেটে খুনের অভিযোগ, বাড়ি থেকে উদ্ধার ২১জনের নামের তালিকা
শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর:স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। বুধবার সন্ধ্যায় ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত স্বামী রিন্টু ঘোষকে তাঁর বাড়িতে নিয়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তের বয়ানের ভিত্তিতে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। আর সেই পুনর্নির্মাণেই সামনে আসে হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ। তদন্তে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্তের ঘর থেকে উদ্ধার হওয়া একটি চিঠি। ওই চিঠিতে ২১জনের নামের তালিকা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আশ্চর্যের বিষয়, তালিকার একেবারে প্রথমেই রয়েছে মৃত স্ত্রী সীমা সরকার ঘোষের নাম। পাশে রয়েছে একাধিক তৃণমূল নেতাদের নামও।
পুলিশি তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, ঘটনার দিন প্রথমে স্ত্রী সীমার পেটে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত রিন্টু ঘোষ। এরপর তাঁকে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে মেঝেতে শুইয়ে ধারালো অস্ত্র, অর্থাৎ হাত দা দিয়ে গলায় একের পর এক কোপ মারে বলে অভিযোগ।সেই আঘাতেই স্ত্রীর দেহ থেকে মাথা আলাদা হয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে। ঘটনা সময় তার দুই ছেলেও ছিল বলে রিন্টু ঘোষ দাবী করেছে।রক্তে ভেসে যায় ঘরের মেঝে। এরপর স্ত্রীর কাটা মাথা নিয়ে বাড়ির মন্দিরে দুই সন্তানকে পাশে বসিয়ে ধ্যানে বসে পড়ে অভিযুক্ত।এই ঘটনায় পরেই গ্রেপ্তার হয়েছে রিন্টু ঘোষ।
তবে তদন্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে উদ্ধার হওয়া ২১জনের নামের তালিকাটি। কেন ওই তালিকা তৈরি করা হয়েছিল? তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে অভিযুক্তের কী সম্পর্ক? স্ত্রীকে খুনের ঘটনার সঙ্গে ওই তালিকার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তালিকার প্রথমে স্ত্রীর নাম থাকায় বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।
বুধবার দিনের আলোয় পুলিশের এই ঘটনার পুনর্নির্মাণ ঘিরে নারায়ণপুর ঘোষপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তকে বাড়িতে নিয়ে আসতেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। গোটা এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ। প্রতিবেশীদের কথায়, এমন ভয়াবহ ঘটনা তাঁরা আগে কখনও দেখেননি। দুই সন্তানের সামনে এমন ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে এলাকায়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পুনর্নির্মাণের যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর অভিযুক্ত রিন্টু ঘোষকে ফের গঙ্গারামপুর থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া চিঠি, ২১ জনের নামের তালিকা এবং হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই তালিকায় থাকা অন্য ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
মৃতের আত্মীয় লক্ষ্মী ঘোষ বলেন,”অভিযুক্তের ফাঁসির দাবি জানাই। এই ঘটনা কখনো মেনে নিতে পারছি না।”
এলাকাবাসী অঙ্গত দাস, সৌমিত্র ঘোষ,পলি ঘোষেরা বলেন,”রিন্টুকে এনকাউন্টার বা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। পুলিশের উপর পূর্ণ আস্তা রেখে আমরা দাবি জানাচ্ছি।”