ভাইফোঁটার আবহে সম্প্রীতির বার্তা গঙ্গারামপুর থানায়, মহিলা পুলিশকর্মীদের ফোঁটা নিলেন আইসি-সহ আধিকারিকরা

0
34

ভাইফোঁটার আবহে সম্প্রীতির বার্তা গঙ্গারামপুর থানায়, মহিলা পুলিশকর্মীদের ফোঁটা নিলেন আইসি-সহ আধিকারিকরা
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১১ নভেম্বর দক্ষিণ দিনাজপুর:
ভাই-বোনের পবিত্র সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতে ভাইফোঁটার বিশেষ আয়োজন করা হল গঙ্গারামপুর থানায়। গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডুর উদ্যোগে বুধবার থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে তৈরি হল এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। থানার মহিলা পুলিশকর্মীরা তাঁদের সহকর্মী পুরুষ পুলিশ আধিকারিকদের কপালে ফোঁটা দিয়ে ভাইফোঁটার শুভেচ্ছা জানান। তাঁদের প্রার্থনা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।
আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডুর উদ্যোগে থানার সমস্ত আধিকারিক ও পুলিশকর্মীদের সহযোগিতায় এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহিলা পুলিশকর্মীদের মধ্যে বিশেষভাবে সক্রিয় ভূমিকা পালন করেন এসআই পাপরি কর্মকার। তাঁর হাতেই ফোঁটা গ্রহণ করেন থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু-সহ অন্যান্য আধিকারিকরা।
এদিন একসঙ্গে বসে ফোঁটা নেন আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু, বড়বাবু নরোত্তম বর্মন, অরুণ সোম, সমীর কর্মকার, অভিজিৎ কর্মকার-সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।
পুলিশের ব্যস্ততম কর্মজীবনের মধ্যেও এমন পারিবারিক আবহের আয়োজন সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করে তুলল।আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই।