কালীপুজোর সন্ধ্যায় সুরের জোয়ার গঙ্গারামপুরে, আলবার্ট ক্যাবোর গানে মাতল শহর, নজর কাড়ল ঈশানও

0
32

কালীপুজোর সন্ধ্যায় সুরের জোয়ার গঙ্গারামপুরে, আলবার্ট ক্যাবোর গানে মাতল শহর, নজর কাড়ল ঈশানও
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর১১ নম্ভেম্বর দক্ষিণ দিনাজপুর।
কালীপুজোর উৎসবের আবহে সুরের মূর্ছনা। গানের তালে দর্শকদের উচ্ছ্বাস আর একের পর এক মন মাতানো পরিবেশনা। সব মিলিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কার্যত সুরের জোয়ারে ভাসল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর।
কালীপুজো উপলক্ষে গঙ্গারামপুর থানা থানাপাড়া কালী পূজা উৎসব কমিটির পরিচালনায় পুলিশের ও গঙ্গারামপুর থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আলবার্ট ক্যাবো লেপচা। রাত সাড়ে আটটা নাগাদ মঞ্চে ওঠেন তিনি। ততক্ষণে দর্শকে কানায় কানায় পূর্ণ গঙ্গারামপুর থানার মাঠ। মঞ্চে উঠেই নিজের কণ্ঠের জাদুতে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন আলবার্ট। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে মাতিয়ে তোলেন গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। সাংস্কৃতিক এই আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, “কালীপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, মানুষের মিলন ও আনন্দেরও উৎসব। এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় প্রতিভাদের তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করে। পুলিশের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
তবে আলবার্ট ক্যাবোর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে আলাদা করে নজর কাড়ে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডুর ছেলে ঈশান কুন্ডুর গান ও মঞ্চ পরিবেশনা। একাদশ শ্রেণির ছাত্র ঈশান নিজের গানের প্রতিভায় উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। তাঁর পরিবেশনার পর দর্শকদের কাছ থেকে ভেসে আসে একের পর এক করতালি। শিল্পী আলবার্ট ক্যাবোর লেপচা বলেন,”গঙ্গারামপুরে মানুষজন প্রচুর ভালোবাসা দিয়েছে ধন্যবাদ জানাই তাদেরকে।” নিজের অনুভূতি জানাতে গিয়ে ঈশান বলে, “এত মানুষের সামনে মঞ্চে গান গাইতে পেরে খুব ভালো লাগছে। দর্শকদের ভালোবাসা ও উৎসাহ আমাকে আগামী দিনে আরও ভালো গান শেখার এবং পরিবেশনা করার অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অভিষেক রায়, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, কুশমণ্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু, থানা পাড়া কালীপুজো কমিটির সভাপতি ইমন কুন্ডু, সম্পাদক গৌর চন্দ্র-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
সব মিলিয়ে কালীপুজো উপলক্ষে গঙ্গারামপুর থানার পুলিশের এই সাংস্কৃতিক সন্ধ্যা শুধুমাত্র বিনোদনের অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি।সঙ্গীত ও সংস্কৃতির মেলবন্ধনে উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এই আয়োজন। আলবার্ট ক্যাবোর লেপচা গানের জাদু এবং ঈশান কুন্ডুর প্রতিভার প্রকাশ এদিনের সন্ধ্যাকে বিশেষ স্মরণীয় করে রাখে।অনুষ্ঠানকে ঘিরে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু গঙ্গারামপুর বাসীর প্রচুর শুভেচ্ছা পেয়েছেন।