সীমান্ত শহরে গর্জন তুলবে তিরঙ্গা, বালুরঘাটে সেনা মেলার মহাযজ্ঞ

0
101

সীমান্ত শহরে গর্জন তুলবে তিরঙ্গা, বালুরঘাটে সেনা মেলার মহাযজ্ঞ

বালুরঘাট, ১৮ ডিসেম্বর —- বাংলাদেশ সীমান্ত লাগোয়া বালুরঘাটে বসতে চলেছে ভারতীয় সেনার বিশেষ সেনা মেলার আসর। চলতি মাসের ২১ ও ২২ ডিসেম্বর বালুরঘাট স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘স্বশক্ত সেনা, সমৃদ্ধ ভারত’ কর্মসূচি। দুই দিনের এই অনুষ্ঠানে ভারতীয় সেনা ও বায়ুসেনার একাধিক রুদ্ধশ্বাস মহড়া সরাসরি উপভোগ করবেন দর্শকরা।

শুধু মহড়াই নয়, সেনা মেলার অন্যতম আকর্ষণ হিসেবে প্রদর্শিত হবে ‘অপারেশন সিঁদূর’-এ ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম। দেশের প্রতিরক্ষা শক্তির বাস্তব রূপ কাছ থেকে দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই বালুরঘাট শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে সেনাবাহিনীর প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত তোড়জোড়।

এই কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৈঠক শেষে তিনি জানান, এই সেনা মেলার মূল লক্ষ্য শুধু সেনাবাহিনীর শক্তি ও সক্ষমতা তুলে ধরা নয়, পাশাপাশি জেলার যুবক-যুবতীদের সেনাবাহিনীতে যোগদানে অনুপ্রাণিত করা।

সীমান্ত জেলা দক্ষিণ দিনাজপুরে এই ধরনের বৃহৎ সেনা কর্মসূচিকে ঐতিহাসিক বলেই মনে করছেন অনেকে। দেশাত্মবোধ, শৃঙ্খলা ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে এই মেলা যে নতুন প্রজন্মের মনে গভীর ছাপ ফেলবে, তা নিয়ে আশাবাদী আয়োজকেরা। ভারতীয় সেনার তরফে সকল জেলা বাসীকে এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।