সমস্ত জল্পনার অবসান, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা প্রশান্ত মিত্রের

0
23

সমস্ত জল্পনার অবসান, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা প্রশান্ত মিত্রের
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২২ শে জুন। দীর্ঘদিনের রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন প্রশান্ত মিত্র। সোমবার ই-মেল মারফত নিজের পদত্যাগপত্র মহকুমা শাসকের কাছে পাঠান তিনি। পরে ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন পুরসভা ও স্থানীয় স্বশাসিত সংস্থায় একাধিক পদাধিকারীর পদত্যাগের ঘটনা সামনে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ালেন প্রশান্ত মিত্র।
উল্লেখ্য, গত ১৬ জুন গঙ্গারামপুর পুরসভার ১০ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করেন। ১৮ ওয়ার্ডের এই পুরসভায় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল সরকারের মৃত্যুর পর বর্তমানে কাউন্সিলরের সংখ্যা ছিল ১৭। তার মধ্যে ১০ জন কাউন্সিলরের একসঙ্গে পদত্যাগে পুরবোর্ড কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে অচলাবস্থার মুখে পড়ে। সেই সময় থেকেই রাজনৈতিক মহলে চেয়ারম্যানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রশান্ত মিত্রের পদত্যাগে সেই জল্পনার অবসান ঘটল।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রশান্ত মিত্র বলেন, “২০২২ সালে যাঁদের নিয়ে আমরা বোর্ড গঠন করেছিলাম, সেই কাউন্সিলরদের অনেকেই ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। তাঁদের ছাড়া এই পদে থেকে পুরসভা পরিচালনা করা সম্ভব নয়। তাই আমিও পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। কিছুদিন আগেই পদত্যাগ করার কথা ভেবেছিলাম, কিন্তু বাইরে থাকার কারণে তা হয়ে ওঠেনি।”
চেয়ারম্যানের পদত্যাগের ফলে গঙ্গারামপুর পুরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, কাউন্সিলরদের পদত্যাগে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, চেয়ারম্যানের ইস্তফার ফলে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
অন্যদিকে, প্রশান্ত মিত্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। অতীতে কিছু সময়ের জন্য তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তাঁর পরবর্তী রাজনৈতিক অবস্থান কী হবে, তা নিয়ে চর্চা তুঙ্গে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বিজেপির সঙ্গে বর্তমানে যোগাযোগ রয়েছে কি না, সেই প্রশ্নও এড়িয়ে গিয়েছেন।
তবে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও গঙ্গারামপুরের উন্নয়নের প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রাক্তন চেয়ারম্যান। তাঁর বক্তব্য, আগামী দিনে যাঁরা পুরসভার দায়িত্বে আসবেন, তাঁরা যেন রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শহরের উন্নয়ন ও নাগরিক পরিষেবার স্বার্থে কাজ করেন।
প্রশান্ত মিত্রের পদত্যাগের মধ্য দিয়ে গঙ্গারামপুর পুরসভার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের সূচনা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী দিনে পুরবোর্ডের ভবিষ্যৎ কী হবে এবং নতুন প্রশাসনিক কাঠামো কীভাবে গড়ে উঠবে, সেদিকেই এখন নজর জেলা ও রাজ্য রাজনীতির।