লটারি টিকিট চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা যুবক, পুলিশের হাতে তুলে দিলেন ব্যবসায়ীরা

0
38

লটারি টিকিট চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা যুবক, পুলিশের হাতে তুলে দিলেন ব্যবসায়ীরা
শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ৪ জুন দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন সবজি মার্কেটে লটারি টিকিট চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ল এক যুবক। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করে আটক করেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাঁকে গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রকাশ বিশ্বাস। তাঁর বাড়ি তপন থানার কাজিভাগ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন সবজি মার্কেটে একটি লটারির দোকান রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই দোকান থেকে মাঝেমধ্যেই এক হাজার থেকে দেড় হাজার টাকার লটারি টিকিট উধাও হয়ে যাচ্ছিল। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছিলেন দোকান মালিক। তবে এতদিন চুরির নেপথ্যে কারা রয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ফের প্রায় ১,২০০ টাকার লটারি টিকিট চুরি হয়ে যায়। আচমকা টিকিট উধাও হয়ে যাওয়ায় সন্দেহ তৈরি হয় ব্যবসায়ীদের মধ্যে। এরপর দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এক যুবককে চিহ্নিত করা হয়।শুরু হয় অভিযুক্তের খোঁজ।
বেলা প্রায় দেড়টা নাগাদ বাজার এলাকায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে ব্যবসায়ীরা তাঁকে আটক করেন।পরে গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয়।খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃত যুবকের বিরুদ্ধে পূর্বে এধরনের কোনও অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পাশাপাশি চুরি হওয়া লটারি টিকিটের বিষয়ে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।