মালদার লিচুর আড়ালে ব্রাউন সুগার পাচারের ছক! বাস থেকে নামতেই পুলিশের জালে যুবক, চাঞ্চল্য বালুরঘাটে

0
25

মালদার লিচুর আড়ালে ব্রাউন সুগার পাচারের ছক! বাস থেকে নামতেই পুলিশের জালে যুবক, চাঞ্চল্য বালুরঘাটে

বালুরঘাট, ৪ জুন —– লিচুর মরশুমকে ঢাল করে মাদক পাচারের অভিনব কৌশল! লিচুভর্তি ব্যাগের আড়ালে ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধৃতের নাম কালাম মণ্ডল। তাঁর বাড়ি বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কুরমাইল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন বাস থেকে নামার পর কালামকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা লিচুভর্তি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই যুবক এলাকায় মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। লিচুর মরশুমের সুযোগ নিয়ে মালদা থেকে লিচুর ব্যাগে করে ব্রাউন সুগার এনে তা বিভিন্ন জায়গায় সরবরাহ করার পরিকল্পনা ছিল বলেও সন্দেহ পুলিশের।
এদিন যে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কালাম। তাঁর দাবি, কোনও পাচারচক্রের সঙ্গে তিনি যুক্ত নন। ব্রাউন সুগারে আসক্ত হওয়ায় ব্যক্তিগত ব্যবহারের জন্যই মালদা থেকে ওই মাদক নিয়ে ফিরছিলেন।

স্থানীয় বাসিন্দা রাহুল মণ্ডলের কথায়, এই মাদকই যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যারা এই কারবারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত।
লিচুর ব্যাগে লুকিয়ে থাকা মাদকের এই ঘটনা ফের একবার সামনে এনে দিল জেলার মাদক চক্রের ভয়াবহ ছবিকে। ফলের ব্যাগের আড়ালে যে বিষের ব্যবসা চলছে, তার শিকড় কতদূর বিস্তৃত— এখন সেই উত্তর খুঁজছে পুলিশ।