শীতল চক্রবর্তী ২২ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।
প্রতিবন্ধীদের সংগঠিত করার লক্ষ্যে বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ডিটইল এলাকায়। রবিবার দুপুরে আয়োজিত এই সভায় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক—কুশমন্দি, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর ও বংশীহারী থেকে প্রায় ৩৫০ জন প্রতিবন্ধী সদস্য উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, উত্তর দিনাজপুর জেলার প্রতিবন্ধী সদস্যরা সরকার ও বিভিন্ন এনজিওর মাধ্যমে যে সুযোগ-সুবিধা পান, দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিবন্ধীরা তা থেকে অনেকটাই বঞ্চিত। সেই বৈষম্য দূর করে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিবন্ধীদেরও সংগঠনের আওতায় এনে সব ধরনের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সেক্রেটারি ও উত্তর দিনাজপুর দিব্বাং কমিউনিটি সেলের সভাপতি গৌড় সরকারেরা জানান,”উত্তর দিনাজপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিব্বাং কমিউনিটি সেল গঠিত হলেও দক্ষিণ দিনাজপুরে তা নেই। আগামী দিনে দক্ষিণ দিনাজপুর জেলাতেও অনুরূপ সংগঠন গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর দিব্বাং কমিউনিটি সেলের সহ-সভাপতি ডাঃ রাগিব আলী মিনাজ,”গোবিন্দ মজুমদার, আরবান কো-অর্ডিনেটর রুমকি সরকার, ডিটইল সংগঠনের উদ্যোক্তা মুক্তাদুর রহমান, খাইরুল ইসলাম সহ বহু প্রতিবন্ধী সদস্য। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠন।
























