নিষেধাজ্ঞা সত্ত্বেও বালুরঘাটে নিষিদ্ধ শব্দবাজির রমরমা!

0
24

নিষেধাজ্ঞা সত্ত্বেও বালুরঘাটে নিষিদ্ধ শব্দবাজির রমরমা! কামারপাড়ায় পুলিশের অভিযানে ৫০ হাজার টাকার বাজি উদ্ধার, গ্রেফতার দুই

বালুরঘাট, ১৫ নভেম্বর :- নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে প্রশাসনের লাগাতার প্রচার, পুলিশের নজরদারি এবং একের পর এক অভিযানের পরেও বন্ধ হচ্ছে না কারবার। বারবার পুলিশের অভিযানে উদ্ধার হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। তাহলে এত কড়াকড়ির পরেও কোথা থেকে আসছে এই বাজি। কারা সরবরাহ করছে? নাকি পুলিশের নজরদারির ফাঁক গলেই চলছে এই বেআইনি ব্যবসা? ছট পুজোর দিনে এই প্রশ্নগুলিই নতুন করে সামনে এল বালুরঘাটের কামারপাড়া এলাকায়।
রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে কামারপাড়ার দুটি দোকানে অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশের একটি বিশেষ দল। তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় অনুপ মহন্ত ও জগদীশ বর্মন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুটি দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি মজুত রাখা হয়েছে বলে খবর পেয়েই দ্রুত অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া বাজির উৎস এবং এই কারবারের পিছনে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। তবে এই ঘটনায় পুলিশের সক্রিয়তা যেমন সামনে এসেছে, তেমনই উঠছে নজরদারির কার্যকারিতা নিয়েও প্রশ্ন। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে বারবার অভিযান চালিয়েও কেন বিভিন্ন দোকান থেকে মিলছে এই ধরনের বাজি। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে শহরে পৌঁছে যাচ্ছে নিষিদ্ধ শব্দবাজির চালান? শুধু বাজি উদ্ধার ও গ্রেফতারেই কি এই কারবার বন্ধ করা সম্ভব নাকি এর সরবরাহ চক্রের গোড়ায় পৌঁছনো প্রয়োজন। এখন সেই দিকেই নজর সাধারণ মানুষের। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে বালুরঘাট থানার পুলিশ।