জন্মান্ধ বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট

0
29

আলিপুরদুয়ার : জন্মান্ধ বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট, খেলার মাঠে নজর কাড়লেন দৃষ্টিহীন খেলোয়াড়রা

জন্ম থেকেই দৃষ্টিহীন। চোখে পৃথিবী দেখার সুযোগ না থাকলেও খেলার প্রতি অদম্য ইচ্ছাশক্তি ও উদ্যমে ফুটবল মাঠে নামলেন বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়রা। তাঁদের উৎসাহ ও মনোবলকে সামনে রেখে আয়োজিত হলো চারদলীয় ফুটবল টুর্নামেন্ট।

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চাপড়ের পাড়-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড়চৌকি স্পেশাল কেডার প্রাইমারি স্কুলের মাঠে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। জন্মান্ধ খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

চারটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এলাকার প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

দৃষ্টিশক্তি না থাকলেও শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাকে জয় করে খেলাধুলার প্রতি তাঁদের আগ্রহ এবং আত্মবিশ্বাসের বার্তা দিলেন প্রতিযোগীরা। এই ধরনের উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার পাশাপাশি সমাজে তাঁদের উৎসাহিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।