মহানন্দা-মহিষমারির মাঝে সূর্য আরাধনার মহাপর্ব!ছটপুজোয় সেজে উঠছে উত্তরবঙ্গের একমাত্র সূর্য মন্দির

0
27

মহানন্দা-মহিষমারির মাঝে সূর্য আরাধনার মহাপর্ব!ছটপুজোয় সেজে উঠছে উত্তরবঙ্গের একমাত্র সূর্য মন্দির,১৫০ব্রতীর পুজো ঘিরে বিশেষ প্রস্তুতি

শিলিগুড়ি:-

শহরের ব্যস্ততা পেরিয়ে নদীর বুক চিরে যখন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে,তখন প্রকৃতির সেই অপরূপ পরিবেশেই শুরু হয় সূর্যদেবের আরাধনা।নদীর জলে দাঁড়িয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন,চারদিকে ছটের গান আর ভক্তদের প্রার্থনা-এমনই এক আধ্যাত্মিক আবহের সাক্ষী হতে চলেছে শিলিগুড়ির সমরনগর।ছটপুজোকে সামনে রেখে এবারও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে উত্তরবঙ্গের একমাত্র সূর্য মন্দির।শিলিগুড়ির সমরনগরের গীতা দেবী ছট ঘাটে অবস্থিত এই মন্দিরের অবস্থান প্রকৃতিগতভাবেও বেশ আকর্ষণীয়।একদিকে মহানন্দা, অন্যদিকে মহিষমারি নদী।দুই নদীর মাঝখানে অবস্থিত এই সূর্য উপাসনাস্থল বছরের অন্যান্য সময়ের তুলনায় ছটপুজোর সময় সম্পূর্ণ অন্য রূপ ধারণ করে।শুধু শিলিগুড়ি নয়,উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের কাছেও এই মন্দিরের রয়েছে বিশেষ ধর্মীয় গুরুত্ব।তবে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস।১৯৯৬সালে গীতা দেবী ছট ঘাটে প্রথম সূর্য মন্দির প্রতিষ্ঠিত হয়।পরবর্তীতে ২০১৪সালে শিলিগুড়ি জল সরবরাহ ও পরিবেশ উন্নয়ন দফতর (এসজেডিএ)-এর উদ্যোগে মন্দিরটির পুনর্নির্মাণ করা হয়।এরপর থেকেই ছটপুজোকে কেন্দ্র করে এই ঘাটের গুরুত্ব ক্রমশ বেড়েছে।প্রতিবছর হাজার হাজার মানুষের আনাগোনায় উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।এবার ১৫ ও ১৬ নভেম্বর ছটপুজো উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে মন্দির চত্বরে।ইতিমধ্যেই ঘাট পরিষ্কার ও রং করার কাজ,প্যান্ডেল নির্মাণ এবং আলোকসজ্জার প্রস্তুতি শুরু হয়েছে।সন্ধ্যা অর্ঘ্য থেকে পরদিন ভোরের ঊষা অর্ঘ্য-দুই পর্বেই যাতে ব্রতীরা নির্বিঘ্নে সূর্যদেবের আরাধনা করতে পারেন,সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।পুজোকে কেন্দ্র করে ঘাটে তৈরি হচ্ছে উৎসবের পরিবেশ।মন্দির কমিটির অধ্যক্ষ রমেশ সাহ জানান,এবছর গীতা দেবী ঘাটে প্রায় ১৫০জন ছট ব্রতী সূর্যদেবের আরাধনা করবেন।পুজো উপলক্ষে যজ্ঞ,প্রসাদ বিতরণ,শীতবস্ত্র ও কম্বল বিতরণের মতো একাধিক সামাজিক কর্মসূচি থাকছে।পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা ভক্তদের নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।শিলিগুড়ির পাশাপাশি দার্জিলিং,জলপাইগুড়ি,কোচবিহার এবং পার্শ্ববর্তী বিহার থেকেও বহু ভক্ত এখানে ছটপুজো করতে আসেন বলে জানান তিনি।সব মিলিয়ে এবারও ছটপুজোকে কেন্দ্র করে সমরনগরের সূর্য মন্দির ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।একদিকে মহানন্দা ও মহিষমারির প্রাকৃতিক সৌন্দর্য,অন্যদিকে ধর্মীয় রীতিনীতি ও সামাজিক কর্মসূচি-সবকিছুর মেলবন্ধনে বিশেষ হয়ে উঠতে চলেছে এবারের আয়োজন।সূর্যাস্তের শেষ আলোয় সন্ধ্যা অর্ঘ্য এবং নতুন সকালের প্রথম আলোয় ঊষা অর্ঘ্য নিবেদনের অপেক্ষায় এখন দিন গুনছেন ব্রতী ও ভক্তরা।