নতুন সভাপতি পরিতোষ দত্ত

0
123

ফের বিপ্লবেই আস্থা, গঙ্গারামপুর কলেজ পরিচালন সমিতির নতুন সভাপতি পরিতোষ দত্ত, কমিটির সদস্য হলেন সুব্রত মুখার্জি ও আরো একজন, সাধুবাদ জানালেন সকলেই
শীতল চক্রবর্তী, বালুরঘাট | ১৬ই ডিসেম্বর, দক্ষিণ দিনাজপুর।ফের আরো একবার রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে মন্ত্রী বিপ্লব মিত্রের উপরই আস্থা রাখল রাজ্য শিক্ষা দপ্তর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কলেজ পরিচালন সমিতির নতুন সভাপতি হিসেবে মনোনীত হলেন পরিতোষ দত্ত। সোমবার বিকেলে রাজ্য শিক্ষাভবন থেকে পাঠানো চিঠি গঙ্গারামপুর কলেজে এসে পৌঁছায়।চিঠিতে কলেজ পরিচালন সমিতির সদস্য হিসেবে শিক্ষক সুব্রত মুখার্জি সহ আরও একজনের নামও উল্লেখ করা হয়েছে।নতুন কমিটির অনুমোদনের খবর সামনে আসতেই খুশির হাওয়া কলেজ চত্বরে। শিক্ষক মহল থেকে শুরু করে ছাত্র সংগঠনের নেতৃত্বও খুশি হয়েছেন।
গঙ্গারামপুর কলেজ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই কলেজ পরিচালন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন পরিতোষ দত্ত।এবার তাঁর উপর আরও বড় দায়িত্ব বর্তাল।চিঠি হাতে পাওয়ার পর সোমবার সন্ধ্যায় রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের দুর্গাবাড়ি পাড়ার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন নতুন কমিটির তিন সদস্য। পাশাপাশি গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা প্রশান্ত মিত্রের সঙ্গেও বৈঠক হয়।
এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কৌশিক সাহা, তৃণমূল নেতা চিরঞ্জীব মিত্র,শিক্ষক নেতা দেবব্রত দাস সহ আরও বহু তৃণমূল নেতৃত্বরা।
এবিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,“নতুন কমিটির অনুমোদন এসেছে।এই কমিটি গঙ্গারামপুর কলেজের সার্বিক উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করবে বলে আমি আশাবাদী। কলেজ কর্তৃপক্ষ কোনও উন্নয়নমূলক প্রস্তাব দিলে তা বাস্তবায়নের জন্য সবরকম সহযোগিতা করা হবে।”
নতুন সভাপতি পরিতোষ দত্ত বলেন,“আগেও দায়িত্বে ছিলাম,তবে এবার দায়িত্ব আরও বড়। সকলকে সঙ্গে নিয়ে ছাত্রছাত্রীদের স্বার্থে এবং কলেজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”
অন্যদিকে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তথা যুব তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সহ-সভাপতি কৌশিক সাহা ওরফে ‘হ্যালো’ বলেন,“নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা থাকবে, তারা সর্বদা ছাত্রছাত্রীদের স্বার্থকে অগ্রাধিকার দেবে। আমাদের ছাত্র সংগঠন কলেজের উন্নয়নে তাদের পাশে থাকবে।”
গঙ্গারামপুর কলেজ পরিচালন সমিতির নতুন কমিটির অনুমোদনের মাধ্যমে ফের একবার প্রমাণিত হল, দক্ষিণ দিনাজপুর জেলায় রাজ্যের আস্থা বিপ্লব মিত্রের উপরেই অটুট।নতুন কমিটি গঠনে খুশি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক,ছাত্রছাত্রী ও রাজনৈতিক মহল সকলেই।