তোর্সায় শ্রমিকদের ধর্নামঞ্চে সিপিএম নেতৃ মীনাক্ষী মুখার্জি, উচ্ছেদের চক্রান্তের অভিযোগ

0
43

আলিপুরদুয়ার: তোর্সায় শ্রমিকদের ধর্নামঞ্চে সিপিএম নেতৃ মীনাক্ষী মুখার্জি, উচ্ছেদের চক্রান্তের অভিযোগ

আলিপুরদুয়ার জেলার পাশাখা রোডের তোর্সা এলাকায় দীর্ঘদিন ধরে ধর্না আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। তাঁদের আন্দোলনের পাশে দাঁড়াতে এদিন ধর্নামঞ্চে উপস্থিত হন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন তিনি। একই সঙ্গে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন।

এদিন ধর্নামঞ্চ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখার্জি অভিযোগ করেন, সাধারণ মানুষকে তাঁদের নিজেদের জমি ও ভিটেমাটি থেকে উচ্ছেদ করার গভীর চক্রান্ত চলছে। শুধু তোর্সা নয়, বক্সা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রেলের জমি নিয়েও একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি।

মীনাক্ষীর অভিযোগ, সরকার একতরফাভাবে নোটিশ জারি করে, পুলিশ ও বুলডোজার ব্যবহার করে জোরপূর্বক মানুষকে তাঁদের বসতভিটে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এভাবে লক্ষ লক্ষ মানুষের উপর উচ্ছেদের চাপ তৈরি করে সরকার কীভাবে তার মানবিক মুখ তুলে ধরতে পারে, সেই প্রশ্নও তোলেন তিনি।

পুলিশকে ব্যবহার করে সাধারণ মানুষের উপর যে অত্যাচার চালানো হচ্ছে, তা কতটা যুক্তিসংগত, তা নিয়েও প্রশ্ন তোলেন সিপিএম নেত্রী। তাঁর বক্তব্য, শেষ কথা বলবেন সাধারণ মানুষই। মানুষকে ভয় পাওয়ার পরিবর্তে সরকার যদি মানুষের ভয়কে উপেক্ষা করতে শুরু করে, তাহলে সেই রাজ্যকে কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে ভাবার সময় এসেছে।