ট্যাঙ্ক মোড়ে মাথা নত তেরঙ্গা! পাঁচ দিনের রহস্যে তোলপাড় বালুরঘাট, জল্পনায় ইতি পুরসভার
বালুরঘাট, ২৬ মে — শহরের প্রবেশদ্বারে মাথা নত করে রয়েছে বিশাল তেরঙ্গা। দিনের পর দিন সেই দৃশ্য চোখে পড়তেই কৌতূহল, উদ্বেগ আর জল্পনায় সরগরম হয়ে উঠেছে বালুরঘাট। ট্যাঙ্ক মোড়ে জাতীয় পতাকা অবনমিত কেন? কোনও রাষ্ট্রীয় শোক, প্রশাসনিক নির্দেশ নাকি অন্য কোনও কারণ? গত পাঁচ দিন ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল শহরবাসীর মুখে মুখে।
বালুরঘাট শহরের আবেগ, ইতিহাস আর গর্বের অন্যতম প্রতীক ট্যাঙ্ক মোড়। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের স্মৃতিবাহী ঐতিহাসিক ট্যাঙ্ককে কেন্দ্র করেই এলাকার পরিচিতি। সময়ের সঙ্গে সেই জায়গাকেই নতুন সাজে সাজিয়ে তুলেছিল তৃণমূল পরিচালিত পুরসভা। ঝলমলে আলোকসজ্জা, রঙিন সৌন্দর্যায়ন আর তার মাঝখানে আকাশছোঁয়া জাতীয় পতাকা— সন্ধ্যা নামলেই যেন গোটা এলাকা পরিণত হত শহরের এক আলাদা আকর্ষণে। বহু পথচলতি মানুষ সেখানে দাঁড়িয়ে ছবি তুলতেন, কেউ আবার গর্বভরে তাকিয়ে থাকতেন উড়তে থাকা তেরঙ্গার দিকে।
কিন্তু গত কয়েক দিন ধরে সেই তেরঙ্গাই মাথা নত করে পড়ে থাকতে দেখে কার্যত শোরগোল পড়ে যায় শহরে। জাতীয় পতাকাকে ঘিরে এমন দৃশ্য নজরে আসতেই নানা মহলে শুরু হয় কানাঘুষো। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে একের পর এক জল্পনা। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, কোনও বিশেষ কারণ ছাড়া জাতীয় পতাকা কেন অবনমিত থাকবে?
অবশেষে সমস্ত বিতর্কে ইতি টেনেছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিত সাহা। তাঁর বক্তব্য, সাম্প্রতিক কালবৈশাখী ও আগাম বর্ষণের দাপটে জাতীয় পতাকার একাংশ ছিঁড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত অবস্থায় জাতীয় পতাকা ওড়ানো অসম্মানের সামিল বলেই সেটিকে নামিয়ে রাখা হয়েছে। চেয়ারম্যান জানান, এত বড় মাপের পতাকা স্থানীয়ভাবে পাওয়া যায় না। কলকাতা থেকে নতুন পতাকা আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
তবে কারণ প্রকাশ্যে এলেও, শহরের প্রবেশমুখে কয়েক দিন ধরে মাথা নত তেরঙ্গার ছবি বালুরঘাটবাসীর মনে যে নাড়া দিয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।






















