টোটো সরানো নিয়ে তুমুল তাণ্ডব! বাস থেকে টেনেহিঁচড়ে নামিয়ে কন্ডাক্টরকে মারধরের অভিযোগ, উত্তপ্ত বালুরঘাট বাসস্ট্যান্ড
বালুরঘাট, ২৪ জুন —– সামান্য টোটো সরানোকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিল বালুরঘাট শহরের পাবলিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা। বুধবার দুপুরে বাসকর্মী ও টোটো চালকদের মধ্যে সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, এক বাসের কন্ডাক্টরকে প্রকাশ্য দিবালোকে বাস থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করা হয়।
বাসকর্মী অলোক মালির অভিযোগ, বাস স্ট্যান্ড থেকে গাড়ি বের করার সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা একটি টোটোকে সামান্য সরানোর অনুরোধ করা হয়। তা নিয়েই শুরু হয় বচসা। যদিও প্রথমে পরিস্থিতি শান্ত হয়ে যায় বলে দাবি তাঁর। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একাধিক টোটো চালক ঘটনাস্থলে এসে বাসকর্মীদের ঘিরে ফেলে। অভিযোগ, বাসের কন্ডাক্টরের কলার চেপে ধরে তাকে বাস থেকে নামিয়ে মারধর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য বাসকর্মীরাও। মুহূর্তের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করে গোটা বাসস্ট্যান্ড এলাকায়।
পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে বড়সড় অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হলেও, ঘটনার রেশ কাটেনি। বাসকর্মীদের দাবি, টোটো চালকদের সঙ্গে প্রায়শই এমন বিবাদ তৈরি হয়। তাই স্থায়ী সমাধান ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা। ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতিও শুরু হয়েছে।























