পুলিশ কর্মীর বাড়িতেই ভাড়াটিয়ার রহস্যমৃত্যু! খুনের অভিযোগে সরগরম বালুরঘাটের ডাকরা

0
42

পুলিশ কর্মীর বাড়িতেই ভাড়াটিয়ার রহস্যমৃত্যু! খুনের অভিযোগে সরগরম বালুরঘাটের ডাকরা

বালুরঘাট, ২৪ জুন —– পুলিশ কর্মীর বাড়িতে বৃদ্ধ ভাড়াটিয়ার রহস্যমৃত্যুকে ঘিরে সরগরম। খুনের অভিযোগ মৃতার স্বামীর। মঙ্গলবার রাতে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ডাকরা মহন্তপাড়া এলাকায়। ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত ওই বৃদ্ধাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম শান্তিবালা মহন্ত (৬২)। ডাকরা মহন্তপাড়ার বাসিন্দা পেশায় কলকাতা পুলিশ বিশ্বজিৎ বিশ্বাসের বাড়িতেই দীর্ঘ বছর ধরে ভাড়া ছিলেন বৃদ্ধা শান্তিবালা মহন্ত ও তার স্বামী হারান মহন্ত। নিজের বাড়ি থাকলেও দুই ছেলের সংসারে না থাকবার সিদ্ধান্ত বহুদিন আগেই নিয়ে নিয়েছিলেন তারা। নিজেদের প্রায় সাতবিঘা জমির উপর থাকা বাগান ও গরু পালন করেই ভাড়াবাড়িতে থেকে দিনযাপন করতেন তারা। যে ভাড়াবাড়িতেই এদিন রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে ওই বৃদ্ধার। রহস্যজনক যে মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও এই ঘটনা নিয়ে সরাসরি খুনের অভিযোগ তুলেছেন মৃত বৃদ্ধার স্বামী হারান মহন্ত। তার অভিযোগ, টাকার জন্যই তার স্ত্রীকে খুন করা হয়েছে। জানা গেছে, ওইদিন বিকেলে বাড়িতে একাকিই ছিলেন শান্তিবালা মহন্ত। বৃদ্ধার স্বামী হারান মহন্ত রোজকার মতো গোরুর দুধ বিক্রি করতে ওইদিন বাজারেই ছিলেন। বাড়ি মালিক বিশ্বজিৎ বিশ্বাস ও তার পরিবারও জমি সংক্রান্ত কাজে ওইদিন বাড়ির বাইরেই ছিলেন। এদিন৷ বাড়ি ফিরে বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই বৃদ্ধাকে দেখে রীতিমতো চমকে উঠেছে প্রায় সকলেই এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তার মৃত্যু হয়েছে।

মৃতার স্বামী হারান মহন্ত বলেন, তার স্ত্রীকে খুন করা হয়েছে। ধান বিক্রি করে তার কাছে ১২ হাজার টাকা রাখা ছিল, সেই টাকার কারনেই তাকে খুন হতে হয়েছে। কেননা এর আগেও বাড়ির দরজা টপকে একাধিকবার চোর ঢুকে সব চুরি করে নিয়ে গিয়েছিল। তারাই চুরি করতে এসে তাকে মেরে ফেলেছে।

রঞ্জিত হালদার ও মোহন মহন্ত নামে দুই প্রতিবেশী বলেন তারা ওই বৃদ্ধ-বৃদ্ধার অনেক কাজ করে দেন। বিনিময়ে তাদের পারিশ্রমিকও দিতেন তিনি। এদিন তার এভাবে মৃত্যু দেখে অবাক হয়েছেন। তবে যেভাবে রক্তপাত হয়েছে সেটা কখনো পড়ে যাওয়ার ঘটনা নয়। খুনের ঘটনার অনুমান করছেন তারা। পুলিশ তদন্ত করলেই সামনে আসবে প্রকৃত ঘটনা।

বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে।