কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বালুরঘাট, উড়ল চাল, থমকালো ভোট প্রচার, দেওয়াল চাপা পড়ে মরল ৮ গবাদি পশু

0
47

বালুরঘাট, ১৯ এপ্রিল ——ভোটের মরশুমে আচমকা কালবৈশাখীর তাণ্ডবে শনিবার রাতে লণ্ডভণ্ড বালুরঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকা। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে উড়ে যায় পঞ্চাশেরও বেশি বাড়ির টিনের চাল, ভেঙে পড়ে মাটির দেওয়াল। হরিহরপুরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ৮টি গবাদি পশুর।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হরিহরপুর, মহেশপুর, পার পতিরাম, পতিরাম ও ডাঙা অঞ্চল। স্থানীয় সূত্রে খবর, স্বল্প সময়ের ঝড়েই তছনছ হয়ে যায় একাধিক এলাকা। পার পতিরাম ও বোল্লা এলাকায় বড় বড় গাছ উপড়ে ও ভেঙে পড়ায় কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ৫১২ জাতীয় সড়ক। প্রায় ২৫টির বেশি গাছ পড়ে সাময়িক বিচ্ছিন্ন হয় যোগাযোগ। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
বালুরঘাট শহর লাগোয়া একাধিক এলাকায় হোর্ডিং উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাতভর আতঙ্কে কাটান বাসিন্দারা। দুর্যোগের জেরে থমকে যায় ভোটপ্রচারও। বিভিন্ন এলাকায় আটকে পড়েন প্রার্থীরা। তবে দুর্যোগ উপেক্ষা করে তপনের তৃণমূল প্রার্থী ও কুমারগঞ্জের বিজেপি প্রার্থী রাতেই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে মানুষের পাশে দাঁড়ান।
বালুরঘাট ব্লকের বিডিও সোহম চৌধুরি বলেন, “ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ব্লকে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। পড়ে থাকা গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছে।

ভোটের উত্তাপের মাঝেই এই কালবৈশাখী ফের মনে করিয়ে দিল, প্রকৃতির সামনে রাজনৈতিক লড়াইও কত অসহায়।