উৎসবের মরসুমে মহানগরীর চাহিদা মেটাতে কালিয়াগঞ্জ থেকে বস্তাবন্দি হয়ে কলকাতায় যাচ্ছে জলপাই

0
24

উৎসবের মরসুমে মহানগরীর চাহিদা মেটাতে কালিয়াগঞ্জ থেকে বস্তাবন্দি হয়ে কলকাতায় যাচ্ছে জলপাই। আচার ও চাটনির পাশাপাশি অলিভ অয়েল তৈরিতে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে। স্বাস্থ্যসচেতন মানুষ রান্নার পাশাপাশি শীতের ত্বকের যত্নেও অলিভ অয়েল ব্যবহার করেন। অনুকূল আবহাওয়া ও মাটির গুণের কারণে কালিয়াগঞ্জের শহর ও গ্রামাঞ্চলে প্রচুর জলপাই গাছ রয়েছে। আর্থিক লাভ থাকায় বহু চাষি এখন উঁচু জমিতে জলপাইয়ের ছোট বাগানও তৈরি করছেন।প্রতিবছর সেপ্টেম্বর মাসে বাজারে জলপাই আসা শুরু হলেও, শাঁসে পুষ্ট ফল মেলে অক্টোবর মাসে। দুর্গাপূজা থেকে ভাইফোঁটা—এই উৎসবের মরসুমে এই টক ফলকে কেন্দ্র করেই কলকাতা ও কালিয়াগঞ্জের বাণিজ্যিক লেনদেন জমে ওঠে। স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা গ্রাম ও শহর থেকে জলপাই সংগ্রহ করে নিয়ে আসেন কালিয়াগঞ্জ শহরের তাঁরা বাজার চাতালে। সেখান থেকে পাইকাররা ছোট ট্রাকে বোঝাই করে এই ফল পাঠিয়ে দেন সোজা কলকাতায়।