অফলাইনে আবেদন, অনলাইনে উধাও নাম! বালুরঘাটে অন্নপূর্ণার টাকা না পেয়ে এসডিও অফিসে শতাধিক মহিলার বিক্ষোভ
বালুরঘাট, ২ জুলাই —- সরকারি প্রকল্পের সামান্য আর্থিক সহায়তার আশায় নিয়ম মেনে আবেদন করেছিলেন। কিন্তু মাস কেটে গেলেও মেলেনি টাকা। উল্টে অনলাইনে খোঁজ নিতে গিয়ে দেখা গেল, আবেদনপত্রেরই অস্তিত্ব নেই! এই অভিযোগকে সামনে রেখেই বৃহস্পতিবার বালুরঘাট মহকুমা শাসকের (এসডিও) দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন শতাধিক মহিলা। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর প্রশাসনের হাতে স্মারকলিপি তুলে দিয়ে দ্রুত সমস্যার সমাধান ও বকেয়াসহ প্রাপ্য অর্থ দেওয়ার দাবি জানান তাঁরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত মাসের শুরুতে অন্নপূর্ণা যোজনার জন্য অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় সমস্ত নথিও জমা দেওয়া হয়। কিন্তু পরে অনলাইনে আবেদনপত্রের স্ট্যাটাস পরীক্ষা করে দেখা যায়, বহু আবেদনই নথিভুক্ত হয়নি। ফলে প্রকল্পের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তাঁরা।
বিক্ষোভকারী বন্দনা দাসের দাবি, নির্ধারিত দিনে আবেদন জমা দেওয়ার পরও পোর্টালে তাঁর নাম নেই। একাধিকবার এসডিও দফতরে গিয়েও স্পষ্ট উত্তর মেলেনি। একই অভিযোগ কনিকা সরকারের। তাঁর বক্তব্য, পৌরসভার দেওয়া ফর্ম জমা দেওয়ার পরও আবেদন যাচাই কিংবা ডেটা এন্ট্রি হয়নি। ফলে এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি এক টাকাও।
মহিলাদের অভিযোগ, এখন নতুন করে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। তাতে কয়েক মাসের প্রাপ্য আর্থিক সুবিধা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের গাফিলতির খেসারত সাধারণ মানুষ কেন দেবেন— এই প্রশ্ন তুলেই এদিন এসডিও দফতরের সামনে ক্ষোভ উগরে দেন তাঁরা।

























