ওয়ান নেশন, ওয়ান হেলথ’—চিকিৎসার বিশ্বমঞ্চ কলকাতায়!

0
37

ওয়ান নেশন, ওয়ান হেলথ’—চিকিৎসার বিশ্বমঞ্চ কলকাতায়! সাত দেশের প্রতিনিধিদের নিয়ে হোপকনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশ-বিদেশের চিকিৎসাব্যবস্থাকে একই মঞ্চে এনে স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত খুলতে কলকাতায় শুরু হল হোপকন ইন্টারন্যাশনাল ২০২৬। লক্ষ্য—ওয়ান নেশন, ওয়ান হেলথ। চিকিৎসা বিজ্ঞানের আদানপ্রদান, গবেষণা, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং আগামী দিনের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আন্তর্জাতিক স্তরে সমন্বয় গড়ে তোলার বার্তা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আইটিসি রয়্যাল বেঙ্গলে এই চারদিনের সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

উদ্বোধনী মঞ্চে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হোপকনের চেয়ারম্যান ডা. পয়োধি ধর, বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখার্জি এবং দেশ-বিদেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের প্রতিনিধিদের পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে কার্যত আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনের চেহারা নেয় এই আয়োজন।

সম্মেলনে চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি, স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ, চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় এবং প্রত্যন্ত এলাকায় সুলভ চিকিৎসা পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আয়োজকদের দাবি, আগামী দিনে চিকিৎসকদের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক একাডেমিক মঞ্চ গড়ে তোলাই হোপকনের অন্যতম লক্ষ্য।

চিকিৎসক পি কে শেট্টি বলেন, চিকিৎসকদের কাছে এই আন্তর্জাতিক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত পাঁচ বছর ধরে তাঁরা হোপকনের সঙ্গে যুক্ত। আগামী দিনে এই সংগঠন আরও বৃহত্তর পরিসরে পৌঁছবে বলেও আশাবাদী তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর শারদ্বত মুখোপাধ্যায়ের কথায়, ‘হোপকন হ্যাপেনিং কন’।

হোপকনের চেয়ারম্যান ডা. পয়োধি ধর জানান, চিকিৎসকদের উদ্যোগেই গড়ে উঠেছে এই স্বাস্থ্য সংগঠন। পাঁচটি পর্যায়ে স্বাস্থ্য পরিষেবাকে ভাগ করে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সুলভ চিকিৎসা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুরে ‘টেক কেয়ার’ নামে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে। তাঁর কথায়, দেশ-বিদেশের চিকিৎসকদের এক ছাতার তলায় এনে গ্লোবাল লিডারশিপ তৈরি করাই হোপের লক্ষ্য। আগামী দিনে ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কাজ করবে এই সংগঠন।

পয়োধি ধরের কথায়, দেশ-বিদেশের চিকিৎসকদের একই মঞ্চে এনে একটি শক্তিশালী গ্লোবাল লিডারশিপ তৈরি করাই তাঁদের লক্ষ্য। আগামী দিনে ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কাজ করতে চায় হোপ। পাঁচ বছরের ধারাবাহিক প্রয়াসের পর কলকাতার এই আন্তর্জাতিক সম্মেলন সেই বৃহত্তর লক্ষ্যেরই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।