তিনটি ট্রলি ব্যাগে পোশাকের বদলে বিপুল পরিমানে বিদেশি মদ!

0
27

তিনটি ট্রলি ব্যাগে পোশাকের বদলে বিপুল পরিমানে বিদেশি মদ!পুলিশের অভিযানে গ্রেফতার বিহারের দুই যুবক

শিলিগুড়ি:-

তিনটি ট্রলি ব্যাগ দেখে প্রথমে সন্দেহ হওয়ার কথা নয়!কিন্তু ব্যাগ খুলতেই বেরিয়ে এল বিপুল পরিমাণ বিদেশি মদ।নিউ জলপাইগুড়ি স্টেশনের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে ৮২বোতল বিদেশি মদ উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং।এই ঘটনায় বিহারের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম প্রিন্স কুমার ও আশীষ কুমার।পুলিশ সূত্রে জানা গিয়েছে,দু’জনই বিহারের বাসিন্দা।শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে খবর,শুক্রবার রাতে গোপন সূত্রে খবর আসে,শিলিগুড়ি থেকে বিহারে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের উদ্দেশ্যে দুই যুবক নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে অপেক্ষা করছে।
খবর পাওয়া মাত্রই নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের আধিকারিকরা স্টেশন এলাকায় অভিযান চালান।অভিযানের সময় স্টেশনের পার্কিং এলাকায় তিনটি সন্দেহজনক ট্রলি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই যুবককে।এরপর তাদের আটক করে ব্যাগগুলিতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৮২বোতল বিদেশি মদ।পুলিশের দাবি,
জিজ্ঞাসাবাদের সময় উদ্ধার হওয়া মদের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধৃতরা।প্রাথমিকভাবে জানা গিয়েছে,উদ্ধার হওয়া মদ বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।এরপরই দুই যুবককে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।তিনটি ট্রলি ব্যাগে করে এভাবে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং মদের উৎস কোথায়, তা খতিয়ে দেখছে পুলিশ।