শান্তিনিকেতনের পৌষমেলার স্বাদ এবার শিলিগুড়িতেই!২৪ ডিসেম্বর থেকে শুরু ১৮তম উত্তরবঙ্গ পৌষ মেলা

0
21

শান্তিনিকেতনের পৌষমেলার স্বাদ এবার শিলিগুড়িতেই!২৪ ডিসেম্বর থেকে শুরু ১৮তম উত্তরবঙ্গ পৌষ মেলা,লোকসংস্কৃতি-হস্তশিল্প-খাবারের পসরা নিয়ে ১২ দিন ধরে চলবে উৎসব

শিলিগুড়ি:-

শীতের মরশুমে উৎসবের আমেজে মেতে উঠতে প্রস্তুত শিলিগুড়ি।শান্তিনিকেতনের পৌষমেলার আদলে উত্তরবঙ্গের মাটিতে গড়ে ওঠা উত্তরবঙ্গ পৌষ মেলা এবার পা রাখতে চলেছে ১৮তম বছরে।যাঁদের পক্ষে শান্তিনিকেতনে গিয়ে পৌষমেলা দেখা সম্ভব হয় না,তাঁদের কাছে সেই উৎসবের পরিবেশ পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।আগামী ২৪শে ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৭সালের ৪ই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।শনিবার সাংবাদিক বৈঠক করে মেলার বিস্তারিত পরিকল্পনা ও কর্মসূচির কথা তুলে ধরেন ট্রাস্টের প্রতিনিধিরা।১৯৯৭ সালে শুরু হয়েছিল উত্তরবঙ্গ পৌষ মেলার পথচলা।সময়ের সঙ্গে সঙ্গে এই মেলা উত্তরবঙ্গের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হয়ে উঠেছে বলে দাবি উদ্যোক্তাদের।তাঁদের কথায়,উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লোকশিল্প,লোকসংগীত,নৃত্য এবং ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এক ছাদের তলায় তুলে ধরার চেষ্টা করা হয় এই মেলার মাধ্যমে।গত বছরের ১৬তম সংস্করণে উত্তরবঙ্গের আটটি জেলা থেকে প্রায় ২লক্ষ মানুষের সমাগম হয়েছিল বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।এবারের মেলাতেও দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক আকর্ষণ।বিভিন্ন ধরনের স্টল ঘিরে থাকবে মেলা প্রাঙ্গণ।সেখানে মিলবে নানা সামগ্রী,হস্তশিল্প এবং খাবারের সম্ভার।পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন লোকসংস্কৃতির পরিবেশনা ও শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে।উদ্যোক্তাদের আশা,এবারের সংস্করণে আরও বেশি মানুষের উপস্থিতি থাকবে এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উত্তরবঙ্গের নিজস্ব ঐতিহ্য আরও বৃহত্তর দর্শকসমাজের সামনে তুলে ধরা সম্ভব হবে।উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের কাজ কেবল মেলার আয়োজনেই সীমাবদ্ধ নয়।সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ট্রাস্টের তরফে একটি ওয়েলফেয়ার ফান্ড পরিচালনা করা হয়।সেই তহবিল থেকে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা,
শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের মেলার মঞ্চে সম্মানিত করার উদ্যোগও নেওয়া হয়। তাঁদের মতে,
সংস্কৃতি ও সমাজকল্যাণ-এই দুই ক্ষেত্রকে পাশাপাশি এগিয়ে নিয়ে যাওয়াই ট্রাস্টের ভাবনা।
মেলার সূচনাতেও থাকছে বিশেষ আয়োজন।২৪শে ডিসেম্বর দুপুর ২টা ৩০মিনিটে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফোসিন গেট থেকে পৌষ মেলা প্রাঙ্গণ পর্যন্ত বের হবে বর্ণাঢ্য শান্তি মিছিল।এরপর বিকেল ৪টা ৩০মিনিটে নির্ধারিত হয়েছে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।৪ই জানুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে উত্তরবঙ্গের সংস্কৃতি,ঐতিহ্য,খাবার ও শিল্পকলার নানা দিক উপভোগ করার সুযোগ পাবেন দর্শনার্থীরা।এখন অপেক্ষা ১৮তম উত্তরবঙ্গ পৌষ মেলার পর্দা ওঠার।