চোরাবাগানের ঘটনার রেশ! পুলিশে আস্থা হারিয়ে বোল্লা মেলার নিরাপত্তায় নামলো কেন্দ্রীয় বাহিনী, সুকান্তর উপস্থিতিতে আকাশ থেকে চলল পুষ্পবৃষ্টি
বালুরঘাট, ২৭ নভেম্বর — চোরাবাগানের ঘটনার পর এবার বোল্লা মেলায় নিরাপত্তার প্রশ্নে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন! শুধু জেলা পুলিশের কয়েক হাজার কর্মী কিংবা সিসিটিভির নজরদারিই নয়, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সামলাতে এবার ময়দানে নামানো হল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও। আর নিরাপত্তার এই বাড়তি আয়োজনের মধ্যেই শুক্রবার সকালে অন্য এক দৃশ্যের সাক্ষী থাকল বোল্লা। মন্দির চত্বরে ভক্তদের মাথার উপর দিয়ে উড়ে গেল হেলিকপ্টার। সেখান থেকেই চলল পুষ্পবৃষ্টি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বিধায়ক বিদ্যুৎ কুমার রায়ের উপস্থিতিতে আকাশ থেকে ফুলের বৃষ্টি ঘিরে উচ্ছ্বাসে মাতলেন হাজার হাজার ভক্ত। ঐতিহ্যের বোল্লা পুজোয় এবার যেন উৎসবের সঙ্গে যুক্ত হল নতুন চমক।
দক্ষিণ দিনাজপুরের বোল্লা রক্ষা কালীপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম জনসমাগমের উৎসবও। রাসপূর্ণিমার পরের শুক্রবার থেকে শুরু হওয়া এই পুজোকে কেন্দ্র করে তিন দিন ধরে বসে বিশাল মেলা। প্রায় সাড়ে সাত হাত উচ্চতার দেবীমূর্তি দর্শনে প্রতিবছর উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভিন্রাজ্য ও বিদেশ থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্ত। ফলে এই বিপুল জনসমাগম নিয়ন্ত্রণ করাই প্রশাসনের কাছে বরাবরের বড় পরীক্ষা।
তবে এবারের বোল্লা মেলায় নিরাপত্তার বাড়তি গুরুত্ব বিশেষ তাৎপর্যপূর্ণ। দুর্গাপুজোয় চোরাবাগানের ঘটনার পর বড় জমায়েতের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষাপটেই আগাম সতর্কতা অবলম্বন করে বোল্লা মেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কয়েক হাজার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি থাকছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শতাধিক সিসিটিভি ক্যামেরায় চলবে নজরদারি। তৈরি করা হয়েছে অস্থায়ী থানা ও হাসপাতাল। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে তিনটি অ্যাম্বুল্যান্সও।
এদিন সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার জানান, প্রতিবছর বোল্লা পুজো পরিচালনা নিয়ে পুজো কমিটি ও প্রশাসনের মধ্যে কিছুটা মতপার্থক্য তৈরি হয়। তবে এবার দু’পক্ষ আলোচনায় বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুজো পরিচালনার উদ্যোগ নিয়েছে। নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও নামানো হয়েছে। প্রয়োজন হলে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হবে।
কথিত আছে, প্রায় চারশো বছর আগে জমিদার বল্লভ চৌধুরীর আমলে এক মহিলার স্বপ্নাদেশে একটি পাথরখণ্ডকে মাতৃরূপে পুজো করা শুরু হয়। পরবর্তীতে জমিদার মুরারী মোহন চৌধুরী বোল্লা মায়ের আশীর্বাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মামলায় জয়লাভের পর মন্দির নির্মাণ করেন। সেই ইতিহাস ও জনশ্রুতিকে ঘিরেই আজও অটুট বোল্লা মায়ের মাহাত্ম্য।
সব মিলিয়ে এবার বোল্লায় একদিকে আকাশ থেকে পুষ্পবৃষ্টির নজিরবিহীন আকর্ষণ, অন্যদিকে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। উৎসবের উচ্ছ্বাসের মাঝেই প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—লক্ষ লক্ষ ভক্তের সমাগম নির্বিঘ্নে সামলে অপ্রীতিকর ঘটনা এড়ানো।




















