শিলিগুড়ি:-
বাড়ির মন্দিরে চুরির ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে বড়সড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।চুরির অভিযোগ পাওয়ার মাত্র ৭২ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া পূজার কাঁসার বাসনপত্র উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।ধৃত যুবকের নাম চম্পক রায়।তিনি অম্বিকানগর এলাকার বাসিন্দা।পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে অভিযোগকারী পরিবারের মধ্যে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,চলতি মাসের ২০তারিখ ভোরবেলা নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সিপাইপাড়া মাস্টার প্ল্যান এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে চুরির ঘটনা ঘটে।অভিযোগ,বাড়ির মন্দিরে রাখা পূজার কাজে ব্যবহৃত কাঁসার বাসনপত্র চুরি করে নিয়ে যায় দুষ্কৃতী।সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে মন্দিরের সামগ্রী উধাও দেখতে পান।বাড়ির মন্দির থেকে পূজার বাসনপত্র চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে।এরপরই বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ পোদ্দার।অভিযোগ পাওয়ার পর ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে শুরু হয় তল্লাশি।তদন্তের সূত্র ধরে পুলিশের নজরে আসে অম্বিকানগর এলাকার বাসিন্দা চম্পক রায়ের নাম।এরপর সোমবার তাঁকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই চুরি যাওয়া সামগ্রী কোথায় রাখা রয়েছে,সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের।সেই তথ্যের ভিত্তিতেই উদ্ধার অভিযানে নামে পুলিশ।অভিযুক্তকে সঙ্গে নিয়ে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ পৌঁছয় হরিপুর এলাকায়।সেখানে একটি পরিত্যক্ত বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে তল্লাশি চালানো হয়।পুলিশের তল্লাশিতে ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় চুরি যাওয়া পূজার কাঁসার বাসনপত্র।অভিযোগ পাওয়ার মাত্র তিন দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হওয়ায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তদন্তে তৎপরতা সামনে এসেছে।মঙ্গলবার ধৃত চম্পক রায়কে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।বাড়ির মন্দির থেকে পূজার সামগ্রী চুরির ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে পুলিশের এই সাফল্য এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।


















