ফিঙ্গারপ্রিন্ট দিয়েও মিলছে না রেশন, মাসের ২১ তারিখেও খালি হাতে ফিরছেন ভার্ণাবাড়ি চা বাগানের শ্রমিকরা, ডিলার পরিবর্তনের দাবি

0
43

আলিপুরদুয়ার: ফিঙ্গারপ্রিন্ট দিয়েও মিলছে না রেশন, মাসের ২১ তারিখেও খালি হাতে ফিরছেন ভার্ণাবাড়ি চা বাগানের শ্রমিকরা, ডিলার পরিবর্তনের দাবি

আলিপুরদুয়ার: বন্ধ ভার্ণাবাড়ি চা বাগানে রেশন বণ্টন নিয়ে চরম অনিয়মের অভিযোগ উঠল। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পাশাপাশি হাতে টোকেন দেওয়া হলেও রেশন সামগ্রী পাচ্ছেন না বহু শ্রমিক। মাসের ২১ তারিখ পেরিয়ে গেলেও রেশন না মেলায় ক্ষোভ বাড়ছে শ্রমিক মহলে। তাঁদের অভিযোগ, প্রতি মাসেই একই সমস্যার মুখে পড়তে হচ্ছে।

শ্রমিকদের দাবি, রেশন নিতে গেলে কখনও বলা হচ্ছে চাল নেই, আবার কখনও চাল থাকলেও গম পাওয়া যাচ্ছে না। ফলে দিনের পর দিন রেশন দোকানে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে তাঁদের। শুধু তাই নয়, পুজোর সময় উৎসবের জন্য বরাদ্দ চিনিও অনেক শ্রমিক পাননি বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, ভার্ণাবাড়ি চা বাগান দীর্ঘদিন ধরেই বন্ধ। ফলে আর্থিক অনটনের মধ্যে দিন কাটানো শ্রমিক পরিবারগুলির প্রধান ভরসা সরকারি রেশন। সেই রেশনও সময়মতো না পাওয়ায় চরম সমস্যায় পড়ছেন তাঁরা।

এই পরিস্থিতিতে রেশন ডিলারের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার বিজেপি নেতৃত্ব। শ্রমিকদের অভিযোগ, বারবার ডিলারকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই বর্তমান ডিলারকে পরিবর্তন করে নতুন ডিলার নিয়োগের দাবি তুলেছেন তাঁরা।

বিজেপি জেলা নেতা প্রদীপ কুজুর জানান, উদ্দেশ্য মহিলা সংঘ এই চা বাগানের রেশন ডিলার। তাঁদের বিরুদ্ধে বারবার অভিযোগ সামনে আসছে। রেশন বণ্টনে এই ধরনের সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তিনি।